এ প্লাস পেলেই ২৫ হাজার টাকা, ঘোষণা এমপি রতনের (ভিডিও)

মুন্সীগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজের শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতে ব্যতিক্রমী পুরস্কারের ঘোষণা দিয়েছেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন। এ প্লাস অর্জনকারী প্রত্যেক শিক্ষার্থীকে তাঁর পক্ষ থেকে ২৫ হাজার টাকা করে দেওয়া হবে।

রোববার সকালে সরকারি হরগঙ্গা কলেজের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ ঘোষণা দেন তিনি। শিক্ষার্থীদের লেখাপড়ায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে সংসদ সদস্য বলেন, ভালো ফলাফলের মাধ্যমে নিজেদের মেধার স্বাক্ষর রাখতে হবে। শিক্ষার্থীদের এমন সাফল্যে উৎসাহ জোগাতেই তাঁর এ উদ্যোগ।

এ সময় তিনি আরও জানান, চলতি বছরের ডিসেম্বর মাসে রাষ্ট্রপতিকে মুন্সীগঞ্জের সর্বোচ্চ বিদ্যাপীঠ সরকারি হরগঙ্গা কলেজে আনার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

কলেজের ঐতিহ্যবাহী জামতলায় আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে নবীন ও প্রবীণ হাজারো শিক্ষার্থীর অংশগ্রহণে সৃষ্টি হয় প্রাণবন্ত পরিবেশ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ শামীম আহসান খান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন অধ্যাপক মো. শাহ আলমগীর।

Leave a Reply