হতাশা বেড়েছে মানুষের মনে,
ভয়ের নিশ্বাস বহে ক্ষণে ক্ষণে।
বাজারের আগুন, পকেটের টান,
কোথায় খুঁজিবে বাঁচার সন্ধান?
দাম বাড়ে নিত্য, আয় থাকে পিছে,
স্বপ্নগুলো মরে হিসাবের নিচে।
চালের দোকানে দীর্ঘশ্বাস ঝরে,
তেলের শিশিটা পড়ে থাকে ঘরে।
ডাল কেনা আজ সাধ্যের বাইরে,
সবজির দামও সাধ্যে নাইরে।
মাছ-মাংস এখন স্বপ্নের ঘরে,
শিশুর আবদার নীরবে মরে।
কত দিন যাবে, কোন পথে রবে?
আগামীর খবর কে এসে কবে?
প্রশ্নের পাহাড় বুকেতে জমে,
উত্তর হারায় দীর্ঘশ্বাসের ক্রমে।
দিন আনে দিন, রাত আনে ভয়,
বেঁচে থাকাটাই কঠিন পরিচয়।
একুশ লাখ মানুষ দারিদ্র্যে নতুন,
স্বপ্ন দেখা হয়না আগের মতন।
সংখ্যা যদি বাড়ে, কে নেবে দায়?
কার কাছে মানুষ বাঁচার দাবি জানায়?
দরিদ্রের কান্না বাতাসে ভাসে,
অভাবের ছায়া ঘরে ঘরে আসে।
কারও ঘরে খাবার, কারও ঘরে শূন্য,
কারও মুখে হাসি, কারও জীবন বিষন্ন।
কেউ হিসাব কষে প্রাসাদের তলে,
কেউ রাত কাটায় ক্ষুধারই ছলে।
একই আকাশের নিচে সবে বাস করি,
তবু কেন এত ব্যবধান গড়ি?
বাবার পকেটে শেষ কটা টাকা,
সন্তানের মুখে প্রত্যাশা আঁকা।
মায়ের আঁচলে জমে কত ব্যথা,
হাসির আড়ালে চাপা পড়ে কথা।
ঋণের খাতায় বাড়ে শুধু দাগ,
সংসার কাঁপে শীতের এসে মাঘ।
কৃষক ফলায় আলু ঘামে ভেজে মাঠ,
ন্যায্য দাম না পেয়ে সর্বনাশের ঘাট।
শ্রমিকের হাতে ঘাম ঝরে ঝরে,
মজুরি ফুরায় বাজারের ঘরে।
মধ্যবিত্ত পড়ে দুই দিকের টানে,
কষ্টের কথাও লুকায় গোপনে।
চাকরির আশায় কত তরুণ ঘুরে,
সনদের বোঝা বুকে নিয়ে ফেরে।
স্বপ্নের জানালা বন্ধ হয়ে যায়,
যোগ্যতার মূল্য কে দিতে চায়?
বেকার চোখেতে জমে কত প্রশ্ন,
কবে দিবে এসে সুদিনের স্পর্শ?
কে যাবে কার ধারে, কে দেবে সাড়া?
অভাবের স্রোতে সবাই দিশাহারা।
অনিশ্চিত পথের চিন্তা বারে বারে,
কাল কী হবে—প্রশ্ন ঘুরে অন্তরে।
আজকের খাবার যদি অনিশ্চিত,
আগামীর স্বপ্ন কী করে নিশ্চিত?
অর্থনীতির পাতায় কত হিসাব লেখা,
বাস্তবের ঘরে তার কতটুকু দেখা?
উন্নয়নের কথা উড়ুক আকাশজুড়ে,
স্বস্তি চাই মানুষের ঘরে ঘরে।
যে উন্নয়নে পেটের ক্ষুধা নাহী মেটে,
সে উন্নয়নের স্বপ্ন ধুলায় যায় লুটে।
বাজারের লাগাম কে ধরবে এবার?
কার হাতে ফিরবে স্বস্তির সংসার?
মজুতের কারসাজি, অযৌক্তিক দাম,
কবে থামবে মানুষের দীর্ঘশ্বাসের নাম?
আইনের চোখে সবাই সমান হোক,
অসহায়ের পাশে ন্যায়ের আলো জ্বলুক।
দরিদ্রের ঘরে ঘরে ফিরুক হাসি,
শিশুর চোখে স্বপ্ন হোক রাশি রাশি।
কৃষকের ফসলে ন্যায্য দাম আসুক,
শ্রমিকের ঘামে সম্মানে ভাসুক।
মধ্যবিত্ত বাঁচুক ঋণের ভার ছাড়া,
তরুণের চোখে জাগুক নতুন তারা।
আমি তো চাই না সোনার প্রাসাদ,
চাই না বিলাসের রঙিন উচ্ছ্বাস।
চাই শুধু দুবেলা পেটভরা খাওয়া,
মাথার ওপর ছাদ, নিরাপদ ছায়া।
চাই না কারও করুণার দান,
ন্যায্য অধিকারেই বাঁচুক প্রাণ।
তবু প্রশ্ন জাগে প্রতিটি ক্ষণে,
স্বস্তি কি ফিরবে সাধারণের মনে?
দাম কমবে কবে, কমবে কি ভয়?
অভাবের রাত শেষে ভোর হবে নিশ্চয়?
উত্তর আজও অজানার ঘরে,
মানুষ শুধু বাঁচার আশায় পথ ধরে।
হতাশা বেড়েছে মানুষের মনে,
ভয়ের নিশ্বাস বহে ক্ষণে ক্ষণে।
তবু বুকের ভেতর আশাটুকু রাখি,
অন্ধকার ভেদ করে আলোর রেখা আঁকি।
মানুষের মুখে ফিরুক হাসি,
ক্ষুধামুক্ত ভোর আসুক পাশাপাশি।
যে দেশে মানুষের অশ্রু মুছে যায়,
সেই দেশ সত্যিকারের সমৃদ্ধি পায়।
অর্থের হিসাব নয়, মানুষের জয়,
মানুষ বাঁচলেই রাষ্ট্রের পরিচয়।

Leave a Reply