মুন্সিগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও চাইনিজ কুড়ালসহ গ্রেপ্তার ১

আব্দুল্লাহ আল মাসুদ: মুন্সিগঞ্জে বিদেশি পিস্তল, গুলি, শর্টগানের কার্তুজ ও চাইনিজ কুড়ালসহ সাদ্দাম মাঝি (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল ৩টার দিকে সদর উপজেলার বাগেশ্বর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সাদ্দাম মাঝি সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মধ্য মাকহাটি গ্রামের মন্নাফ মাঝির ছেলে।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে বাগেশ্বর এলাকায় ইব্রাহীম ফকিরের পরিত্যক্ত দোতলা টিনের ঘরের দ্বিতীয় তলার একটি কক্ষে অভিযান চালায় ডিবি পুলিশ। এ সময় সাদ্দাম মাঝিকে গ্রেপ্তার করা হয়। ঘড়ি কিনুন

অভিযানে তাঁর কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি, ২০ রাউন্ড শর্টগানের কার্তুজ ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।

মুন্সিগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম বলেন, জেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত রয়েছে। অপরাধ দমনে জেলা পুলিশের এ ধরনের অভিযান চলবে।

এ ঘটনায় সাদ্দাম মাঝির বিরুদ্ধে সদর থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারেও অভিযান অব্যাহত রয়েছে।

সময়ের কন্ঠস্বর

Leave a Reply