টঙ্গিবাড়ীতে স্কুলের মাঠে অনুমোদনহীন মেলা, ব্যবস্থা নেওয়ার আশ্বাস ইউএনওর

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার বালিগাঁও উচ্চ বিদ্যালয় ও বালিগাঁও আমজাদ আলী কলেজের মাঠে অনুমোদন ছাড়াই মেলা আয়োজনের অভিযোগ উঠেছে। শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে মেলার আয়োজন নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।

বৃহস্পতিবার দুপুরে সরেজমিনে বালিগাঁও উচ্চ বিদ্যালয় ও বালিগাঁও আমজাদ আলী কলেজের মাঠে মেলার আয়োজন দেখা যায়।

স্থানীয়দের অভিযোগ, ফারুক খান নামে এক ব্যক্তি লোকজন নিয়ে প্রভাব বিস্তার করে অনুমোদন ছাড়াই মেলার আয়োজন করেছেন। হিন্দু ধর্মাবলম্বীদের লক্ষ্মীপূজার নাম ব্যবহার করে মেলার আয়োজনের জন্য তিনি থানায় লিখিত আবেদন করেছিলেন বলেও জানা গেছে। এ ছাড়া মেলা আয়োজনকে কেন্দ্র করে লাখ টাকার লেনদেনের অভিযোগও করেছেন স্থানীয়রা। তবে এসব অভিযোগের সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

মেলা আয়োজনের বিষয়ে ফারুক খানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমরা রাজনীতি করি, পোলাপান চালাতে হলে খরচের বিষয় আছে। এজন্য মেলা বসিয়েছি।”

মেলার অনুমোদন আছে কি না, জানতে চাইলে ফারুক খান বলেন, “কোনো অনুমতি নাই, থানায় একটি লিখিত আবেদন জমা দিয়েছি, যাতে কোনো ঝামেলা না হয়।”

থানায় আবেদন জমা দেওয়ার বিষয়ে টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আহমেদ বলেন, ফারুক খান তাঁর কাছে একটি দরখাস্ত নিয়ে এসেছিলেন। তবে মেলার অনুমতি দেওয়ার এখতিয়ার তাঁর নেই। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল তাঁকে।

বালিগাঁও উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলপনা রানী দত্ত বলেন, তিনি শুনেছেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছ থেকে মেলার অনুমতি নেওয়া হয়েছে।

অন্যদিকে বালিগাঁও আমজাদ আলী কলেজের অধ্যক্ষ এইচ এম আনিসুল হক বলেন, তিনি মেলার অনুমতি দিয়েছেন।

তবে এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিমা আঞ্জুম সোহানিয়া বলেন, তিনি বিষয়টি সম্পর্কে অবগত হয়েছেন। মেলা আয়োজনের কোনো অনুমতি নেওয়া হয়নি। তার ভাষ্য, মেলার অনুমতি দেওয়ার এখতিয়ার উপজেলা প্রশাসনের নেই; এ জন্য জেলা প্রশাসকের অনুমতি নিতে হয়। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিডি-প্রতিদিন

Leave a Reply