সিরাজদীখানে দুর্বৃত্তদের হামলায় মেয়ের মৃত্যুর পর মারা গেলেন বাবাও

মুন্সীগঞ্জের সিরাজদীখানে দুর্বৃত্তদের হামলায় ছয় বছরের শিশু মেয়ে তওবা ঘটনাস্থলে মারা যায়। এ ঘটনায় গুরুতর জখম বাবা গোলাপ হোসেন (৩৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। দুপুর ১২টার দিকে সেখানে কর্তব্যরত চিকিৎসক গোলাপ হোসেনকে মৃত ঘোষণা করেন।

এর আগে, গতকাল বুধবার সকাল ৯টার দিকে জেলার সিরাজদীখান উপজেলার লতব্দী ইউনিয়নের রামকৃষ্ণদী গ্রামের মোল্লা ব্রিকস ইটভাটার কাছে পরিত্যক্ত জমি থেকে মেয়ে শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ।

সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মো. আলাউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, কী কারণে এবং কারা এ ঘটনা ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে।

জানা গেছে, বাবা গোলাপ হোসেনের বাড়ি উপজেলার লতব্দী ইউনিয়নের রামকৃষ্ণদী গ্রামে হলেও তিনি পরিবার নিয়ে একই ইউনিয়নের দোসরপাড়া গ্রামে শ্বশুরবাড়িতে বসবাস করেন। তার বাবা জয়নাল মিয়া গত পাঁচ বছর ধরে রামকৃষ্ণদী এলাকার একটি ইটভাটায় কাজ করছেন।

গতকাল বুধবার বিকেলে মেয়ে শিশুকে নিয়ে রামকৃষ্ণদী এলাকার একটি ইটভাটায় বাবার সঙ্গে দেখা করতে আসেন গোলাপ হোসেন। এরপর ফেরার পথে বাবা ও কন্যা শিশুর ওপর হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে। এ সময়, মেয়ে শিশু ও তার বাবাকে কোপানো হয়। পরে গোলাপ হোসেনকে প্রথমে ঢাকার কেরানীগঞ্জের আব্দুল্লাপুর স্বদেশ হাসপাতাল ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়।

খবরের কাগজ

ছবিঃ সংগৃহিত

Leave a Reply