জসীম উদ্দীন দেওয়ান: চার বছরের শিশু তোয়াবাকে গলা কেটে ও চোখ বিকৃত করে অত্যন্ত নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এটি কি দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের কোনো পশুবৃত্তসুলভ ও জঘন্য কাণ্ড, নাকি এই লোমহর্ষক ঘটনার নেপথ্যে লুকিয়ে রয়েছে অন্য কোনো গভীর রহস্য?
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রামকৃষ্ণদী এলাকায় ঘুরতে গিয়ে এই নিষ্ঠুরতার বলি হয়েছেন বাবা গোলাপ হোসেন ও তাঁর একমাত্র কন্যাসন্তান তোয়াবা। গত বুধবার বিকেলে ঘুরতে বের হয়ে তাঁরা আর ঘরে ফেরেননি। পরদিন বৃহস্পতিবার সকালে একটি ইটভাটার পাশের নির্জন এলাকা থেকে শিশু তোয়াবার বিকৃত ও রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। অন্যদিকে, চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মারা যান তাঁর বাবা গোলাপ হোসেনও।
পরিবারের দাবি, জমি সংক্রান্ত বিরোধের জের ধরেই প্রতিপক্ষ গোলাপ ও তাঁর কন্যাকে নির্মমভাবে হত্যা করেছে। এই প্রেক্ষাপটে প্রথমে আটক ও পরবর্তীতে প্রতিবেশী ছোহরাব বেপারীকে গ্রেফতার দেখানো হয়। এদিকে গোলাপের মৃত্যুর আগে দেওয়া একটি ভিডিও স্টেটমেন্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে গোলাপ সেদিন তাঁর ওপর হামলার ঘটনার বর্ণনা দিয়ে স্পষ্ট জানান যে, হামলাকারীদের তিনি চিনতে পারেননি। তাঁর এই ভিডিও ভাইরাল হওয়ার পর ছোহরাব বেপারীকে আসামি করা ও গ্রেফতারের বিষয়ে সিরাজদিখান জুড়ে নানা গুঞ্জনের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, প্রশাসনের কোনো ধরনের ভুলে যেন সত্য আড়ালে চলে না যায় এবং প্রকৃত অপরাধীরা যেন দৃষ্টান্তমূলক শাস্তি পায়। একই সঙ্গে কোনো ধরনের নাটকীয়তা বা নির্দোষ কেউ যাতে অহেতুক ফেঁসে না পড়েন, সে দাবিও জানিয়েছেন তাঁরা।
তবে পুলিশের ভাষ্য, প্রকৃত দোষীদের আইনের আওতায় আনতে এবং ঘটনার নেপথ্য রহস্য উন্মোচনে তারা নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মতে, গোলাপকে বিষ খাওয়ানো এবং শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতজনিত জখম নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তবে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে কোনো ধরনের ছাড়পত্র ছাড়াই কে বা কারা গোলাপকে ঢাকা মেডিকেল থেকে নিয়ে এল, তা নিয়ে চুলচেরা বিশ্লেষণ করা প্রয়োজন হয়ে পড়েছে।
এই ঘটনায় গোলাপের বাবা জয়নাল মিয়া বাদী হয়ে সিরাজদিখান থানায় দু’জন এজাহারনামীয় আসামিসহ অজ্ঞাতনামা ১০-১২ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন, যেখানে ইতোমধ্যে ছোহরাব বেপারী গ্রেফতার রয়েছেন।
স্থানীয়দের একটাই দাবি— কাউকে ফাঁসানোর উদ্দেশ্যে নয়, বরং শিশু তোয়াবা ও তাঁর বাবা গোলাপ হত্যার প্রকৃত রহস্য উদ্ঘাটন করে দ্রুত সময়ের মধ্যে দোষীদের কঠোর শাস্তি নিশ্চিত করা হোক।

Leave a Reply