মুন্সীগঞ্জের সব আসনেই আ’লীগের প্রার্থী চূড়ান্ত : বিএনপি’র প্রার্থিতা নিয়ে জটিলতা

মো: আবুসাঈদ সোহান মুন্সীগঞ্জ
মুন্সীগঞ্জে আসন্ন নির্বাচন সামনে রেখে স্খানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের মধ্যে উৎসাহ-উদ্দীপনা শুরু হয়েছে। চায়ের দোকান থেকে শুরু করে হোটেল-রেস্তোরাঁ সর্বত্রই এখন নির্বাচন নিয়ে, প্রার্থীদের নিয়ে চলছে আলোচনা আর সমালোচনা। চলছে জয়-পরাজয়ের আগাম মন্তব্য। মুন্সীগঞ্জে আসন পুনর্বিন্যাসের কারণে এবার একটি আসন কমে তিনটি সংসদীয় আসন হয়েছে। এসব আসনে মোট ২৬ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে মুন্সীগঞ্জ-১ আসনে সাতজন। মুন্সীগঞ্জ-২ আসনে নয়জন ও মুন্সীগঞ্জ-৩ আসনে ১০ জন। সব ক’টি আসনে প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপি আর আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের মধ্যে­ এমনটাই ভাবছেন সাধারণ ভোটার ও নেতাকর্মীরা। তবে ব্যক্তিগত কারিশমা কাজে লাগিয়ে সাবেক রাষ্ট্রপতি, বিকল্পধারা বাংলাদেশের সভাপতি বি. চৌধুরী কিছু একটা করতে পারেন­ এই মন্তব্য করেছেন কেউ কেউ।

অনেকে বলছেন, সংস্কারপন্থী হওয়ায় পাঁচ পাঁচবার নির্বাচিত এমপি হয়েও আজ নিজ আসনে নির্বাচনে অংশ নিতে পারছেন না জেলা বিএনপি’র সভাপতি আবদুল হাই। তার মুন্সীগঞ্জ-৩ আসনে জয়ের শতভাগ নিশ্চয়তা থাকা সত্ত্বেও তাকে দলীয় মনোনয়ন দেয়া হয়েছে ঢাকা-৪ আসন থেকে। কৌশলে তাকে জেলার রাজনীতি ও এ আসনে দলীয় মনোনয়ন থেকে বিরত রাখা হয়েছে। এসব কারণে অনেক নেতাকর্মীর মধ্যে চাপা ক্ষোভ রয়েছে বলে জানা গেছে। বিএনপি’র সংস্কারপন্থী নেতা পৌর মেয়র অ্যাডভোকেট মুজিবুর রহমান দল বদলের হাওয়ায় গা ভাসিয়ে জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা হিসেবে অভিষিক্ত হয়েছেন। দল থেকে এমপি নমিনেশন পেয়েছেন। পট পরিবর্তনের সময় রাজনীতি আর করব না­ এমন ঘোষণা দিয়ে দূরে থাকা ব্যবসায়ী নেতা সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিন্হা দলের ডাকে ছুটে এসেছেন। নিজের আসন করেছেন পাকাপোক্ত। কড়া নজরবন্দী থাকা সাবেক তথ্যমন্ত্রীও দলের টানে ফিরে এসেছেন আসন্ন সংসদ নির্বাচনে নির্বাচন করতে­ বৃহদাংশ নতুন এলাকায় ভোটযুদ্ধে জয়ী হতে। মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী সাবেক উপ-প্রধানমন্ত্রী শাহ মোয়াজ্জেম হোসেন। অন্য দিকে সব আসনে আগের অবস্খা বহাল থাকলেও মুন্সীগঞ্জ-৩ আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী জেলা আওয়ামী লীগের সভাপতি মো: মহিউদ্দিন দুদক ও অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত আসামি হওয়ায় তাকে মনোনয়ন দেয়া সম্ভব হয়নি। মনোনয়ন দেয়া হয়নি তার সহোদর সাবেক পৌর চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি তৃণমূল নেতা আনিসুজ্জামান আনিছকে। তৃণমূল নেতাদের ভোটে প্রথম হওয়া এ নেতাকে মনোনয়ন না দেয়ায় ক্ষুব্ধ অনেক নেতাকর্মী। দীর্ঘ দুই যুগের পরিবারতন্ত্রের অবসান ঘটিয়ে সাবেক প্রতিরক্ষা সচিব এম ইদ্রিস আলীকে এ আসনে নমিনেশন দিয়েছে আওয়ামী লীগ। আর এ কারণে তাকে সাধুবাদ জানিয়েছে নিরীহ নেতাকর্মী ও সাধারণ ভোটাররা। সম্প্রতি তার কল্যাণে ৫ শতাধিক বিএনপি-যুবদল নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন। গজারিয়ার সন্তান দলীয় নেতাকর্মীদের বিপুল সমর্থন পাওয়া কেন্দ্রীয় যুবলীগ নেতা শিল্পপতি হাফিজুর রহমানকে এ নমিনেশন দেয়ার কথা থাকলেও শেষ মুহূর্তের হিসাব-নিকাশ সব পাল্টে দিয়েছে। তিনি ও তার দলীয় কর্মী বাহিনী ক্ষুব্ধ হয়েছেন এতটাই যে, গত শনিবার গজারিয়ায় আওয়ামী লীগের বর্ধিত সভা করতে পারেনি সাবেক প্রতিরক্ষা সচিব এম ইদ্রিস আলী। তবে মুন্সীগঞ্জ-১ আসনে সুকুমার রঞ্জন ঘোষ এবং মুন্সীগঞ্জ-২ আসনে সাবেক এমপি (সংরক্ষিত আসন) সাগুফতা ইয়াসমিন এমিলির মনোনয়ন যুক্তিযুক্ত বলে দলীয় অনেক নেতাকর্মী ও সাধারণ ভোটারদের অভিমত।

মুন্সীগঞ্জ-১ আসন (শ্রীনগর ও সিরাজদিখান উপজেলা) : এ আসন থেকে সাবেক রাষ্ট্রপতি, বিকল্পধারা বাংলাদেশের সভাপতি অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী নির্বাচন করবেন। তিন বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন সাবেক উপ-প্রধানমন্ত্রী প্রবীণ রাজনীতিবিদ শাহ মোয়াজ্জেম হোসেন। আসন্ন সংসদ নির্বাচনে বিএনপি থেকে তিনিও নির্বাচন করবেন এ আসনে। তিনি জাতীয় পার্টি থেকে বিএনপি’তে যোগ দিয়ে বাতিল হয়ে যাওয়া ২০০৭ সালের ২২ জানুয়ারির নির্বাচনে চারদলীয় জোটের মনোনয়ন পেয়েছিলেন। এখানে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুকুমার রঞ্জন ঘোষ। তিনি গত সংসদ নির্বাচনে বি. চৌধুরীর কাছে পরাজিত হয়েছিলেন। পরে ২০০৩ সালের উপনির্বাচনে আওয়ামী লীগের সমর্থন নিয়ে বিকল্পধারা বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক মাহী বি. চৌধুরী নির্বাচন করলে মহাজোটের স্বার্থে তার হয়ে কাজ করেন এবং মাহী বি. চৌধুরী নির্বাচিত হন। জাতীয় পার্টি (এরশাদ) মনোনয়ন পেয়েছেন­ প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মুহাম্মদ সিরাজুল ইসলাম।
মুন্সীগঞ্জ-২ আসন (লৌহজং ও টঙ্গিবাড়ী উপজেলা) : এ আসন থেকেও সাবেক রাষ্ট্রপতি, বিকল্পধারা বাংলাদেশের সভাপতি অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী নির্বাচন করবেন। ’৭৫-পরবর্তী কোনো নির্বাচনে আওয়ামী লীগ এ আসনে জয়লাভ করতে পারেনি। তবে এবার সম্ভাবনা আছে বলে আওয়ামী লীগ নেতাকর্মীরা আশাবাদ ব্যক্ত করেছেন। এ আসনে দ্বিতীয় বারের মতো আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন মুন্সীগঞ্জ-নারায়ণগঞ্জ সংক্ষরিত আসনের সাবেক এমপি সাগুফতা ইয়াসমিন এমিলি। তিনি গত সংসদ নির্বাচনে বিএনপি মিজানুর রহমান সিন্হার কাছে হেরে যান। গতবারের এমপি সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিন্হা বিএনপি’র মনোনীত হয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন এ আসনে। জাতীয় পার্টি থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন জেলা জাতীয় পার্টির সদস্য সচিব কুতুব উদ্দিন আহম্মেদ।

মুন্সীগঞ্জ-৩ আসন (মুন্সীগঞ্জ সদর ও গজারিয়া উপজেলা) : নতুন আর পুরনোর লড়াই জমে উঠেছে এ আসনে। আওয়ামী লীগে এবার নতুন মুখ। বিএনপি থেকে সাবেক তথ্যমন্ত্রী এম শামসুল ইসলাম। আওয়ামী লীগের প্রার্থী হিসেবে এ আসনে বরাবরই জেলার সভাপতি সাবেক এমপি মো: মহিউদ্দিন নমিনেশন পেয়ে আসছিলেন। এ আসনে এবার সাবেক প্রতিরক্ষা সচিব এম ইদ্রিস আলীকে চূড়ান্ত মনোনয়ন দেয়া হয়েছে। অন্য দিকে বিএনপি থেকে জাতীয় পার্টিতে যোগদান করেছেন সাবেক শহর বিএনপি’র সভাপতি মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র অ্যাডভোকেট মুজিবর রহমান। তিনি বর্তমানে জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সহসভাপতি। তিনিও মুন্সীগঞ্জ-৩ আসনের মনোনয়নপত্র জমা দিয়েছেন। কমিউনিস্ট পার্টির মাঠে রয়েছেন জেলা সভাপতি শ ম কামাল। বিএনপি ’৭৯ সাল থেকে এ আসনে জয়লাভ করে আসছে। সাবেক এমপি জেলা বিএনপি’র সভাপতি আ: হাই এ আসনে পাঁচ বার এমপি নির্বাচিত হয়েছেন।

[ad#co-1]

Leave a Reply