মুন্সীগঞ্জে আ’লীগ বিএনপি সংঘর্ষে ঈদের জামাত পণ্ড আহত ৪০

গজারিয়া উপজেলার বাঘাইকান্দি গ্রামে ঈদের দিন সকালে আওয়ামী লীগ ও বিএনপির দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে শত বছরের পুরনো ঈদের জামাত পণ্ড হয়ে গেছে। তাছাড়া ওই সংঘর্ষে উভয় গ্রুপের প্রায় ৪০ জন আহত হয়। পরে বাঘাইকান্দি গ্রামের দু’মহল্লাবাসীর মধ্যে বিভক্তি দেখা দিলে দুপুর ১২টায় পৃথকভাবে ঈদের নামাজ আদায় করা হয়।

বাঘাইকান্দি কেন্দ্রীয় জামে মসজিদের পাশের খালের বালু ভরাটকে কেন্দ্র করে বিএনপি নেতা ভুট্টু মিয়া ও মোয়াজ্জেম হোসেন এবং আওয়ামী লীগ নেতা আসাদ মিজি ও ওয়াহেক প্রধানের গ্রুপের মধ্যে ঈদের জামাত শুরুর আগমুহূর্তে সকাল ৯টায় সংঘর্ষ বাধে। এতে আওয়ামী লীগ ও বিএনপির আহত ১৫ নেতাকর্মীকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। ওই ঘটনার পর দুপুর ১২টায় বাঘাইকান্দি গ্রামের পশ্চিমপাড়া ও পূর্বপাড়া মহল্লাবাসী পৃথক জামাতে ঈদের নামাজ আদায় করে।

এ প্রসঙ্গে গজারিয়া উপজেলার ইউএনও আসাদুজ্জামান সাংবাদিকদের বলেন, খালের বালু ভরাট একটি অবৈধ কাজ। ঈদের ছুটি শেষে সরকারিভাবে খালের জরিপ করা হবে। এতে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে, আহত আওয়ামী লীগ নেতা আসাদ মিজি সমকালকে বলেন, স্থানীয় বিএনপি নেতাকর্মীরা সরকারি খাল বালু দিয়ে ভরাট করে দখল করে নিচ্ছে। এতে বাধা দেওয়ায় ওই সংঘর্ষের ঘটনা ঘটে।

[ad#bottom]

Leave a Reply