মুন্সীগঞ্জে প্রত্নতাত্তি্বক খনন কাজ শুরু

মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপাল ইউনিয়নের সুখবাসপুর গ্রামে বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে প্রত্নতাত্তি্বক খনন কাজের উদ্বোধন করা হয়। খনন কাজ উদ্বোধন ও বাংলা নববর্ষ উপলক্ষে বজ্রযোগিনীতে অতীশ দীপঙ্কর মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ। প্রধান অতিথি তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ বলেছেন, বর্তমান সরকার অসামপ্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ সব ধরনের অপশক্তিমুক্ত বাংলাদেশ গঠন এবং দেশের সংস্কৃতি, ঐতিহ্য দেশ-বিদেশে তুলে ধরতে কাজ করছে। ইতোমধ্যে বিশ্বের ৪০টি দেশের সঙ্গে সংস্কৃতি বিনিময় চুক্তি করা হয়েছে। বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫০তম জন্মদিন বাংলাদেশ ও ভারত যৌথভাবে পালন করবে । চন্দ্র, বর্মন এবং সেন রাজাদের রাজধানী বিক্রমপুরের অতীত ঐতিহ্য ব্যাখ্যা করে মন্ত্রী বলেন, অতীতের গৌরবোজ্জ্বল ইতিহাস জানার মাধ্যমে নতুন প্রজন্ম সুখী-সমৃদ্ধশালী দেশ গঠনে আগ্রহী হয়ে উঠবে। তিনি বিক্রমপুর তথা মুন্সীগঞ্জবাসীকে শিক্ষায় আরো মনোযোগী হওয়ার আহ্বান জানান।

অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের সভাপতি ও বিক্রমপুর প্রত্নতাত্তি্বক অনুসন্ধান ও খনন কর্মসূচির প্রকল্প পরিচালক নুহ-উল-আলম লেনিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ এম ইদ্রিস আলী, ঐতিহ্য অন্বেষণের প্রতিষ্ঠাতা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. সুফী মোস্তাফিজুর রহমান, প্রত্নতত্ত্ব বিভাগের মহাপরিচালক সফিকুল ইসলাম, জেলা প্রশাসক মো. আজিজুল আলম, পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফসার উদ্দিন ভূইয়া প্রমুখ।

ছবিঃ শহীদ হাসান

[ad#bottom]

Leave a Reply