বিএনপি নেতার ভাইয়ের আ’লীগ কর্মীর জমি দখলের চেষ্টা

মুন্সীগঞ্জের পঞ্চসার চৌরাস্তা সংলগ্ন এলাকায় বালু ভরাট করে আওয়ামী লীগ কর্মীর জমি দখল করার চেষ্টা চালিয়েছে স্থানীয় এক বিএনপি নেতার ভাই ও তার লোকজন। বৃহস্পতিবার সকাল থেকে এ ভরাট কাজ শুরু করলে আ’লীগ নেতাকর্মী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভরাট কাজ বন্ধ করে দিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, পঞ্চসার এলাকার আ’লীগ কর্মী রফিকুল ইসলামদের সঙ্গে জেলা বিএনপির সভাপতি আব্দুল হাই এর ভাই গোলাম হোসেনের সঙ্গে বিরোধ চলছিল। ২৪ এপ্রিল বিকেলে গোলাম হোসেন ও তার ভাই গোলাম মোস্তফার নেতৃত্বে একদল লোক বালু ভরাটের মাধ্যমে দখল করার চেষ্টা চালায়।

এতে গোলেনুর বেগম নামের এক মহিলা ২৫ এপ্রিল গোলাম হোসেনকে অভিযুক্ত করে সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) রুজু করেন। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত পক্ষকে কাগজপত্র দাখিল করার কথা বললেও তা না করে বৃহস্পতিবার সকাল থেকে আবারও ভরাট কাজ শুরু করে।

খবর পেয়ে শহর ও স্থানীয় আ’লীগ নেতাকর্মীরা ঘটনাস্থলে গিয়ে ভরাট কাজে বাধা দিলে বিএনপি কর্মীদের সঙ্গে উত্তেজনা দেখা দেয়।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভরাট কাজ বন্ধ করে দিয়ে উত্তেজনা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

গোলাম মোস্তফা বাংলানিউজকে জানান, এ ব্যাপারে থানায় প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করা হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে ওই স্থানে ভরাট কাজ বন্ধ রয়েছে।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম

Leave a Reply