লৌহজংয়ে গরুর হাট নিয়ে আ’লীগ ও যুবলীগের ধাওয়া পাল্টা ধাওয়া

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা পরিষদ প্রাঙ্গণে গরুর হাটের ইজারা নিয়ে আ’লীগ ও যুবলীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ায় ৪ জন আহত হয়েছেন। সোমবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। আহত সোহাগ, আলামিন, জনি ও মামুন নামের ৪ জনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

এদিকে আ’লীগ ও যুবলীগের দুই গ্রুপের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ব্যাপক হট্টগোলে লৌহজং উপজেলা পরিষদ প্রাঙ্গণ উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও এখনো উত্তেজনা অব্যাহত রয়েছে।

এছাড়া এ ঘটনার ভিডিও ফুটেজ নেওয়ার সময় আ’লীগ কর্মীরা ইসলামিক টিভির ক্যামেরাম্যান কামাল হোসেনকে লাঞ্ছিত করে একটি রুমে অবরুদ্ধ করে রাখে। পরে খবর পেয়ে পুলিশ ক্যামেরাম্যান কামালকে উদ্ধার করে।


গরুর হাটের ইজারা টেন্ডার দাখিলকে কেন্দ্র করে লৌহজংয়ের উপজেলা আ’লীগের সহ সভাপতি রশীদ মোল্লা গ্রুপ ও যুবলীগ নেতা দিদার মোল্লা গ্রুপের মধ্যে এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আ’লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা সমঝোতার মাধ্যমে সিডিউল দাখিলের উদ্যোগ নেয়। এর মধ্যে যুবলীগ নেতা দিদার সমঝোতা না করে পাল্টা সিডিউল জমা দেওয়ার চেষ্টা চালালে এ বিরোধের সৃষ্টি হয়।

জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন তপন বাংলানিউজকে জানান, আ’লীগ নেতা রশীদ মোল্লার পক্ষে দলীয় নেতাকর্মীরা সিডিউল জমা দিতে গেলে যুবলীগ নেতা দিদারের নেতৃত্বে একটি গ্রুপ আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে রশীদ মোল্লার পক্ষের নেতাকর্মীরা ধাওয়া দিয়ে কয়েকজন সন্ত্রাসীকে মারধর করে উপজেলা পরিষদ থেকে তাড়িয়ে দেয়।


অপরদিকে তেউটিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক দিদার হোসেন মোল্লা তার বিরুদ্ধের অভিযোগ মিথ্যা দাবি করে বাংলানিউজকে জানান, রশীদ মোল্লার লোকজন সিডিউল দাখিল করতে গেলে বিএনপির লোকজন বাধা দেয়। এতে করে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। এরপরও সিডিউল দাখিল করা হয়েছে।

লৌহজং থানার পরিদর্শক (ওসি-তদন্ত) মাসুদ বাংলানিউজকে জানান, ঘটনার সময় দু’গ্রুপের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হলেও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়েছে।

লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম বাংলানিউজকে জানান, সোমবার উপজেলার ৫টি গরুর হাটের টেন্ডার/সিডিউল জমা দেওয়ার দিনধার্য ছিল। যেসব ব্যক্তি সিডিউল কিনেছেন তারা নির্ধারিত সময়েই জমা দিয়েছেন।

তিনি আরও জানান, উপজেলা পরিষদের বাইরে কিছুটা উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হলেও পরে তা স্বাভাবিক হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক। কিছুক্ষণ পরেই দাখিল করা সিডিউলের বাক্স খোলা হবে বলে জানান ইউএনও সাইফুল ইসলাম।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম

Leave a Reply