আওয়ামী লীগ-বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে আহত ১০ ও বসত-ঘর ভাংচুর

জমি-জমার বিরোধ নিয়ে মুন্সীগঞ্জে আওয়ামীলীগ ও বিএনপি কর্মীদের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে উভয় গ্রুপের অন্তত ১০ নেতাকর্মী আহত হয়েছেন। এ সময় বিএনপি কর্মীর ২টি বসত-ঘর ভাঙচুর করা হয়েছে। আহতদের মধ্যে মো. মনসুর মিয়া (২৩) ও সোহেল মিয়া (২১)-কে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। রোববার রাতে শহর লাগোয়া পঞ্চসার ইউনিয়নের মালিরপাথর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রোববার দিবাগত রাত পৌনে ১টার দিকে মাসুদ শেখ বাদী হয়ে আওয়ামী লীগের ৬ নেতাকর্মীকে আসামি করে মুন্সীগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেছেন।


মুক্তারপুর নৌ-ফাঁড়ির ইনচার্জ এসআই মিজানুর রহমান জানান, রোববার রাত সাড়ে ৮টার দিকে জমি-জমা কেনাবেঁচা নিয়ে বিরোধের জের ধরে স্থানীয় বিএনপি কর্মী নিজাম মেম্বার ও আওয়ামী লীগ কর্মী শামীম-ইমরান গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বিক্ষুব্ধ আওয়ামী লীগ কর্মীরা বিএনপি কর্মী নিজাম বেপারীর ২ টি বসত-ঘর ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।

ঢাকা নিউজ এজেন্সি

Leave a Reply