বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের ডাকা টানা হরতালের তৃতীয় দিনে মুন্সীগঞ্জে ৩টি অটোরিকশা ভাঙচুর, সড়কে টায়ারে আগুন দিয়েছে পিকেটাররা। মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ ঘটনা ঘটেছে। এছাড়া শহরের পৃথকস্থানে বিএনপি ও আ’লীগ পাল্টাপাল্টি অবস্থানে রয়েছে।
মঙ্গলবার সকাল ৯টার দিকে মুক্তারপুরে ৩টি অটোবাইক ভাঙচুর করেছে বিএনপি নেতাকর্মীরা। এছাড়া মুন্সীগঞ্জ-ঢাকা ও মুক্তারপুর-মুন্সীগঞ্জ সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে পিকেটাররা।
পরে জেলা বিএনপির সভাপতি ও সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের নেতৃত্বে বিএনপির ৫ শতাধিক নেতাকর্মী মুন্সীগঞ্জ শহরের উপকণ্ঠ মুক্তারপুরস্থ ৬ষ্ঠ বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর (মুক্তারপুর সেতু) ওপর অবস্থান নিয়ে ব্যারিকেড দেয় বিএনপি কর্মীরা। বর্তমানে তারা মুক্তারপুর এলাকায় অবস্থান করছে।
এর ফলে ঢাকা-মুন্সীগঞ্জ-টঙ্গিবাড়ী-দিঘিরপাড় সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এছাড়াও সকাল থেকে শহরের কয়েকটি পয়েন্টে খণ্ড খণ্ড মিছিল করে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা।
অপরদিকে, মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগরের সমষপুর এলাকায় ঢাকা-মাওয়া মহাসড়কের টায়ারে আগুন জ্বালিয়ে পিকেটিং করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ থাকলেও ঢাকা-মাওয়া ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বেশ কিছু লোকাল যাত্রীবাহী বাস ও ছোট ছোট যানবাহন চলাচল করছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ। এছাড়া জেলার অভ্যন্তরীণ সড়কগুলোতে যানবাহন চলাচল রয়েছে স্বাভাবিক।
বিএনপির ডাকা হরতালে মুন্সীগঞ্জ শহরের উত্তরাংশে ও মুক্তারপুরে দোকানপাট বন্ধ থাকলেও শহরের দক্ষিণাংশে সব দোকানপাট খোলা রয়েছে। অফিস আদালতের কার্যক্রম চলছে, বিভিন্ন স্কুল-কলেজে পাঠদান অন্য দিনের মতো অব্যাহত রয়েছে।
এছাড়া হরতাল পালন করলেও বিএনপি নেতাকর্মীরা রিকশা ও অন্য যানবাহন দিয়ে চলাচল করছে। মুক্তারপুর ও শহরে বিএনপি নেতাকর্মী মালিকানাধীন শিল্পকারখানা ও ব্যবস্থা প্রতিষ্ঠান খোলা থাকার অভিযোগ পাওয়া গেছে।
অন্যদিকে, বিএনপি ও জামায়াতের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধ করতে মঙ্গলবার সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে শহরের পুরাতন কাচারীস্থ কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় জড়ো হয়েছে আ’লীগ নেতাকর্মীরা।
বাংলানিউজটোয়েন্টিফোর

Leave a Reply