স্বীকারোক্তি – সরকার মাসুদ

মানুষের চেয়ে গাছ পালার সাথে পোকামাকড়ের সাথে আমার সম্পর্ক বেশি ভালো;
ঘোর সন্ধ্যায় ভালো সাঁকো ভেঙ্গে পড়ে আছে
তার জন্য আমার দুশ্চিন্তা,

ফুলভরা বকুল গাছ থেকে যে পথ নদীর দিকে
বেঁকে গেছে বেদনায়, তাকে নিয়ে আমার অস্বস্তি!

গাছপালার সবুজ রক্ত অন্ধকারে গড়িয়ে পড়েছে খালে;
কোরোসিন কাঠে তৈরি বিরাট এক
বিষাদের চাকা (টিএন্ডটি বোর্ডের) গড়িয়ে চলেছে অনিশ্চিত গন্তব্যে!
সন্ধ্যাবেলা আমি দেখছি গাঢ় শ্যামলের মাথার ওপর গোল এক স্তব্ধ বিস্ময়
আমি শুনছি ঝিঁঝিঁদের জটিল অর্কেষ্ট্রা;
ভাঙ্গা নৌকার পাটাতনে রাত ভারি হয়।
যন্ত্রণায় কাঁপা ঢেউগুলো মিলিয়ে যায় অন্ধকার নদী তীরে।

একটা শবতর্ষী অশ্বথের জন্য আমার ভালোবাসা আছে
একটা হেলে পড়া কুঁড়েঘরের জন্য কান্না, অশ্রুচিহ্নহীন;
হাজার বছর আগে মরে যাওয়া তারার আলো
এইমাত্র আমাদের চিন্তায় পড়েছে। আরও ভাবি, মৃত্যুর আগে শোধ হবে না রংবাজ পৃথিবীর ঋণ।

জনকন্ঠ

Leave a Reply