১৫১ সরকারি চাকরিজীবী ভুয়া মুক্তিযোদ্ধা
জালিয়াতি করে নেয়া ১৫১ জন ভুয়া মুক্তিযোদ্ধার (সরকারি চাকরিজীবী) সনদ বাতিল করেছে সরকার। গেজেটে তাদের যে নাম প্রকাশ করা হয়েছিল তাও বাতিল করে আদেশ জারি করা হয়েছে। সাধারণ কর্মচারীদের পাশাপাশি সরকারের সচিব, যুগ্ম সচিব ও উপসচিব পদমর্যাদার কর্মকর্তারা এদের মধ্যে রয়েছেন। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে তাদের বিরুদ্ধে শিগগিরই ফৌজদারি মামলা করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এছাড়া দুর্নীতি দমন কমিশনও তাদের বিরুদ্ধে মামলা করবে বলে জানা গেছে। তারা চাকরির মেয়াদ বাড়াতে এবং সরকারি চাকরিতে অবৈধ সুবিধা নিতেই জালিয়াতি করে এ সনদ সংগ্রহ করেন। এছাড়া পরবর্তী প্রজন্মকে সরকারি চাকরিতে কোটা সুবিধা পাওয়ার সুযোগ তৈরিতেও এ সনদ তাদের সহায়তা করবে এমন চিন্তা থেকেও তারা তা সংগ্রহ করেন। সূত্র জানায়, খোদ মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের বর্তমান সচিব কেএইচ মাসুদ সিদ্দিকী নিজেই ক্ষমতার অপব্যবহার করে জাল মুক্তিযোদ্ধা সনদ সংগ্রহ করেন। এছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব বর্তমান প্রাইভেটাইজেশন কমিশনের চেয়ারম্যান মোল্লা ওয়াহিদুজ্জামান, প্রবাসী কল্যাণ সচিব ড. শওকত হোসেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সচিব এমএম নিয়াজ উদ্দিন এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক মন্ত্রণালয়ের সাবেক সচিব একেএম আমীর হোসেন, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব আবুল কাশেম হাওলাদার এবং ওএসডি উপসচিব শেখ আলাউদ্দিন ভুয়া মুক্তিযোদ্ধা সনদ সংগ্রহ করেছেন বলে দুর্নীতি দমন কমিশনের তদন্তে প্রমাণ মিলেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা শিগগিরই নিতে যাচ্ছে সরকার। ২২ জুলাই ৩৫ জনের মুক্তিযোদ্ধা সনদ গেজেটে থাকা নাম বাতিল করেছে। তাদের মধ্যে এনএসআই ও জেলা প্রশাসকের প্রতিবেদন অনুযায়ী ৩২ জনের ভুয়া সনদ ও গেজেট বাতিল করা হয়েছে। তারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণের সপক্ষে গ্রহণযোগ্য কোনো প্রমাণপত্র বা তথ্য দিতে না পারায় তাদের মুক্তিযোদ্ধা দাবির বিষয়টি প্রমাণিত হয়নি। দুজনের বয়স মুক্তিযোদ্ধা হওয়ার মতো উপযুক্ত না হওয়ায় গেজেট থেকে নাম ও সনদ বাতিল করা হয়। অন্য একজন দুটি সনদ গ্রহণ করায় একটির গেজেট বাতিল করা হয়। এর আগে ১১৬ জনের গেজেট ও মুক্তিযোদ্ধা সনদ বাতিল করা হয়েছে।
যাদের সনদ বাতিল করা হয়েছে : রেলপথ মন্ত্রণালয়ের মোঃ শাফিয়ার রহমান ও মোঃ আবদুল ওয়ারেছ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মোঃ আবদুল হালিম এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের আজহার আলী খান, ভূমি মন্ত্রণালয়ের আনম বজলুল রশীদ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এটিএম শাহজাহান এবং শিক্ষা মন্ত্রণালয়ের মোঃ দানেশ মিয়ার সনদও বাতিল করেছে মন্ত্রণালয়। কৃষি মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন মোঃ আব্বাস আলী খান, ঢাকা ভ্যাট কমিশনের রাজস্ব কর্মকর্তা (পিআরএল ভোগরত) শেখ মাহবুবুল আলম, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন রণজিৎ কুমার রায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন মোঃ শফিকুল হক, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন মোঃ রওশন আলম, মোঃ আবু হোসেন মিয়া, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের একেএম জালাল ও হাশেম আলীর নাম গেজেট থেকে বাতিল করা হয়েছে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মোঃ মজিবুর রহমান ও একেএম হাবিবুল্লাহ, ওএসডি উপসচিব শেখ আলাউদ্দিন, মোহাম্মদ আলী, চট্টগ্রাম রেলওয়ের অতিরিক্ত মহাব্যবস্থাপক (পূর্ব) মোঃ সোলায়মান চৌধুরী, কৃষি মন্ত্রণালয়ের পটুয়াখালী দফতরের (বিধি) সহকারী প্রশাসনিক কর্মকর্তা আবদুর রশিদ হাওলাদার, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মোঃ জয়নাল আবেদীন, কেএ নিজাহার উদ্দীন খান, কর অঞ্চল-২ এর মোঃ দেলোয়ার হোসেন, মোঃ নুরুন্নবী পাটোয়ারী, যমুনা অয়েল কোম্পানির সাবেক ম্যানেজার মোঃ গোলাম রব মোল্লা, সাতক্ষীরার আশাশুনি উপজেলা শিক্ষা অফিসের মোঃ আবুল হোসেনের সনদ বাতিল হয়েছে। এছাড়াও বাতিল করা হয় সোনালী ব্যাংকের এক্সিকিউটিভ অফিসার এটিএম আবদুল হাই, পুলিশ (বেতার) মোঃ সোলায়মান বিশ্বাস, ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের মোঃ হারুন অর রশীদ খান, মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের মোঃ শাহযাদ আযীম, এমএ মজিদ, মোঃ নূর ইসলাম, মোঃ বেলাল হোসেন ও মোঃ আবদুল মালেকের সনদ বাতিল করা হয়েছে। তবে যারা ভুয়া মুক্তিযোদ্ধা সনদ সংগ্রহ করেছেন তারা বিশেষ সুবিধা দিয়েই তা নিয়েছেন। যারা অবৈধ সুবিধা নিয়ে ভুয়া সনদ সরবরাহ করেছেন তাদের ব্যাপারে কী ব্যবস্থা নেয়া হচ্ছে বা আদৌ ব্যবস্থা নেয়া হবে কিনা তা এখনও স্পষ্ট নয়।
আলোকিত বাংলাদেশ

Leave a Reply