মগবাজারে ৩ খুনের ঘটনায় গ্রেফতার ৬

arrest5রাজধানীর মগবাজারে তিন খুনের ঘটনায় দায়ের করা মামলার ছয় আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব। তবে একজন এখনও পলাতক রয়েছে। র‌্যাবের হেডকোয়াটার্সে শনিবার দুপুরে সংবাদ সম্মেলনে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং এর পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান এ তথ্য জানান।

এ প্রসঙ্গে কমান্ডার মুফতি মাহমুদ খান বলেন, ‘র‌্যাবের অভিযানে রাজধানীর মগবাজারে ট্রিপল মার্ডার ঘটনায় কিলিং মিশনে সরাসরি অংশগ্রহণকারী ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। তারা সকলেই এ খুনের দায় স্বীকার করেছে। আটজন আসামীর মধ্যে একজন এখনও পলাতক আছে।’

তিনি আরও বলেন, ‘আল-আমিন (২৫) কে শুক্রবার রাতে মুন্সিগঞ্জ থেকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্য অনুযায়ী ২০ সেপ্টেম্বর রাত সাড়ে ১২টার দিকে মো. সাইফুল্লাহ সিয়াম (২৪) ও মো. রমজান আলীকে (২০) মতিঝিলের টিএন্ডটি কলোনির বস্তির একটি ঘর থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ২টি পিস্তল ও ৬ রাউন্ড গুলিসহ আটক করা হয়। তাদের দেওয়া তথ্য অনুযায়ী ওই রাতেই পৌনে একটার সময় মো. রুবেল মিয়া সানি (২৫), মো. মারুফ হোসেন (২৬), মো. শাফিন লস্করকে (২৫) একই বস্তির আরেকটি ঘর থেকে ৩টি চাপাতিসহ আটক করা হয়।’

ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, ‘গত ২৮ আগস্ট রাত ৮টার দিকে মগবাজার সোনালীবাগে চান বেকারির গলির একটি বাড়িতে ঢুকে আটজন দুর্বৃত্ত প্রকাশ্যে গুলি করে রানু আক্তার (৩০), বিল্লাল (২৮), মুন্নাকে (২৫) নিহত করে এবং গুলিবিদ্ধ হন নিহত রানুর ভাই হৃদয় (২২)। প্রাথমিকভাবে মামলাটির তদন্তের দায়িত্ব পুলিশকে দেওয়া হলে রানুর আরেক ভাই কালাচান বাদী হয়ে রমনা থানায় স্থানীয় সন্ত্রাসী কালাবাবুসহ ১৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে। পরে র‌্যাব হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের খুঁজে বের করার জন্য তৎপর হয়।’

তিনি আরও বলেন, ‘অনুসন্ধানে র‌্যাব-৩ এর গোয়েন্দা দল প্রাথমিকভাবে নিশ্চিত হন যে ঘটনার সঙ্গে শাহ আলম, কালাবাবু ও জিসান গ্রুপের অন্যতম সদস্য মো. সাইফুল্লাহ সিয়াম ও আল-আমিন সরাসরি জড়িত। এর পরিপ্রেক্ষিতে কালাবাবু, সিয়াম ও আল-আমিনকে গ্রেফতারের সর্বাত্মক প্রচেষ্টা চালানো হয়। এর ধারাবাহিকতায় র‌্যাব-৩ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে আল-আমিন মুন্সিগঞ্জে আত্মগোপন করে আছে। এরপরই একের পর এক অভিযান পরিচালনা করে এ ৬ জনকে আটক করা হয়।’

উল্লেখ্য, এ খুনের সঙ্গে আটজন জড়িত ছিল। গ্রেফতার ছয়জন বাদে কালাবাবু ক্রসফায়ারে নিহত হয়েছে এবং একজন এখনও পলাতক আছে।

দ্য রিপোর্ট

Leave a Reply