টঙ্গীবাড়িতে মুক্তিযোদ্ধার ঘর ভেঙে জমি দখল

মুন্সীগঞ্জে আদালতের আদেশ অমান্য করে রাতের আঁধারে আপন বড় ভাইয়ের ঘর ভেঙে জায়গা দখল করে নিয়েছে ভূমিদস্যু শফিউদ্দিন। টঙ্গীবাড়ি উপজেলার মিজান নগর এলাকার মুক্তিযোদ্ধা নজরুল ইসলামের খানের ১৮ শতাংশ ভরাট জমি দখল করে দোকান ঘর নির্মাণ এবং নাল জমিতে মাটি কেটে ভরাট করছে শফিউদ্দিন বাহিনী।

এদিকে আদালতের আদেশ অমান্য করে সন্ত্রাসী দিয়ে জায়গা দখল করলেও রহস্যজনক কারণে পুলিশ নীরব ভূমিকা পালন করে। মুক্তিযোদ্ধা নজরুল ইসলামের খানের পরিবারের অভিযোগ তারা সন্ত্রাসীদের হুমকিতে অসহায়, মানবেতর জীবন যাপন করছে।

মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান জানান, টঙ্গিবাড়ি উপজেলার মিজান নগর এলাকা সুবুচুনী বাজার সংলগ্ন রাস্তার সঙ্গে ১৮ শতাংশ নাল বর্তমান ভরাট জমি আমি ভোগ করে আসছি। আমার পিতা মজম আলী খান ওই জমির মালিক ছিল। ওয়ারিস সূত্রে এ সম্পত্তির মালিক আমরা ভাইরা। কিন্তু আমার ছোট ভাই শফিউদ্দিন অন্যায়ভাবে স্থানীয় সন্ত্রাসী দিয়ে আমাকে ভয় দেখিয়ে এ জায়গা থেকে আমাকে বঞ্চিত করার চেষ্টা করে।

আদালতে এ নিয়ে মুন্সীগঞ্জ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ২৪/২/১৫ তারিখে একটি মামলা দায়ের করি। মঙ্গল ও বুধবার রাতের অন্ধকারে আদালতের আদেশ অমান্য করে ঘর ভেঙে জায়গা দখল করে নেয় তারা। যা এখনও অব্যাহত আছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী জানান, ভূমিদস্যু শফিউদ্দিন সঙ্গে এলাকার অনেকের সম্পত্তি নিয়ে মামলা চলছে। তার রয়েছে একটি নিজস্ব বাহিনী যাদের ভয়ে কেউ প্রতিবাদ করতে সাহস পায় না।

যুগান্তর

Leave a Reply