গজারিয়ায় শ্লীলতাহানির চেষ্টা : যুবককে গণপিটুনি

গজারিয়া উপজেলার তৈতইতলা গ্রামে এক গৃহবধূর শ্লীলতাহানি করতে ধরাপড়ে গণপিটুনির শিকার হয়েছেন পাশের বাড়ির মানিক দেওয়ান (২২)। তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সে ওই গ্রামের খোকন দেওয়ানের পুত্র।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে ৯টার দিকে মানিক দেওয়ান একই এলাকার পাশের বাড়ির দুই সন্তানের জননীর ঘরে ঢুকে তার শ্লীলতাহানির চেষ্টা করে। এ সময় ওই গৃহবধূর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে মানিককে হাতেনাতে আটক করে গণপিটুনি দিলে সে মারাত্মক আহত হয়। পরে তাকে গজারিয়া স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। স্বাস্থ্যকেন্দ্রের দায়িত্বরত চিকিৎসক মোঃ আল আমিন জানান, মানিকের শরীরে আঘাত গুরুতর হওয়ায় তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ওই গৃহবধূ জানান, মানিক প্রায়ই তাকে কুপ্রস্তার দিত। সোমবার রাতে ঘটনার সময় বিদ্যুত না থাকার সুযোগে মানিক ঘরে ঢুকে আমাকে জাপটে ধরে শ্লীলতাহানির চেষ্টা করে।

জনকন্ঠ

Leave a Reply