স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় আহত ১২

জেলার শ্রীনগর উপজেলার ঢাকা-মাওয়া মহাসড়কে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ১২ জন শিক্ষক-শিক্ষার্থী আহত হয়েছেন। সোমবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-মাওয়া মহাসড়কের ষোলঘর ইউনিয়নের ওমপাড়া এলাকায় যাত্রীবাহী বাস শিক্ষক-শিক্ষার্থী বহনকারী লেগুনাকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। শ্রীনগর উপজেলার হাসাড়া কালি কিশোর স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যাচ্ছিল।

আহতরা হলেন- বাংলা শিক্ষক রমজান মাহমুদ (২৫) হাত-পায়ে আঘাত পেয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ছাড়াও নবম শ্রেণির শিক্ষার্থী ফয়সাল, অষ্টম শ্রেণির শিক্ষার্থী সজিব, অষ্টম শ্রেণির শিক্ষার্থী সিয়াম এবং বাকিরা ষোলঘর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।

ঢাকা-মাওয়া মহাসড়কের হাসাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. সাইফুল জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ঘাতক বাস ও চালক কনককে আটক করেছে পুলিশ।

হাসাড়া হাসাড়া কালি কিশোর স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক আব্দুল বারেক জানান, শ্রীনগর উপজেলা কর্তৃক আয়োজিত স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যাওয়ার পথে দুর্ঘটনা ঘটে। স্বাধীন পরিবহনের যাত্রীবাহী বাস বেপরোয়াভাবে সামনে থেকে আমাদের সাইডে এসে লেগুনাকে ধাক্কা দিয়ে লেগুনাকে উল্টে দেয়। আহতরা- বিভিন্ন হাসপাতালে ছড়িয়ে ছিটিয়ে চিকিৎসা নিচ্ছে এবং এই ঘটনায় ১২ জন আহত হয়েছে বলে জানান তিনি।

শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম জানান, এই ঘটনায় কারোর অবস্থা আশংকাজনক নয়। বাসের ধাক্কায় লেগুনাটি উল্টে গিয়ে এই দুর্ঘটনার ঘটনা ঘটে। শিক্ষক শিক্ষার্থীদের অ্যাম্বুলেন্সে করে দ্রুত উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

সোনালীনিউজ/

Leave a Reply