টঙ্গিবাড়ীতে দু’পক্ষের গোলাগুলিতে ডাকাত নিহত, গৃহকর্তাসহ গুলিবিদ্ধ ২

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে ডাকাতিকালে দু’পক্ষের গোলাগুলিতে এক ডাকাত নিহত হয়েছেন। এ সময় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরেক ডাকাতসহ দু’জন। গুলিবিদ্ধ বাড়ির মালিকের ছেলে কনু সিকদার (৩৫) ও ডাকাত সদস্য ইদ্রিস মাদবর (৪০)-কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার রাত আড়াইটার দিকে টঙ্গিবাড়ী উপজেলার আউটশাহী ইউনিয়নের সিলিমপুর গ্রামে এক মুক্তিযোদ্ধার বাড়িতে ডাকাতিকালে এ ঘটনা ঘটে।

টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ মো. আওলাদ হোসেন পিপিএম জানান, শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে সিলিমপুর গ্রামে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক সমবায় বিষয়ক সম্পাদক গোলাম কবীর সিকদার লাভুর বাড়ির কলাপসিপল গেটের তালা ভেঙ্গে ৮-১০ জনের একদল ডাকাত বাড়ির ভেতর প্রবেশের চেষ্টা করে। এ সময় কনু সিকদার ঘরের দরজা খুলে বাইরে এসে তাদের বাধা দেন। একপর্যায়ে কনু সিকদারের চিৎকারে তার বাবা লাভু সিকদার তার লাইসেন্স করা পিস্তল নিয়ে বেরিয়ে আসেন এবং ডাকাতদের লক্ষ্য করে গুলি ছুঁড়েন। ডাকাতরাও পাল্টা গুলি ছুঁড়ে বেরিয়ে যায়। এ সময় তার ছেলে কনু সিকদার গুলিবিদ্ধ হয়। গৃহকর্তার গুলিতেও ৩-৪ জন ডাকাত গুলিবিদ্ধ হয়।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ ডাকাতদলের সদস্য শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার সিডারচর গ্রামে ইদ্রিস মাদবর আটক করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। অপর আহত কনু সিকদারকেও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ সকাল ১০ টার দিকে সিকদার বাড়ির পাশ্ববর্তী একটি বিল থেকে গুলিবিদ্ধ অবস্থায় নিহত এক ডাকাতের মরদেহ উদ্ধার করে পুলিশ। তার নাম-ঠিকানা জানা যায়নি বলে ওই পুলিশ কর্মকর্তা জানিয়েছেন। নিহত ডাকাতের মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে আনা হয়েছে।

মানবজমিন

Leave a Reply