রাজিব-সালামের দেহে মিললো ১৭ কেজি সোনা

দেহে প্রায় ১৭ কেজি সোনা নিয়ে ঢাকা কাস্টমস কর্তৃপক্ষের হাতে ধরা পড়েছেন রাজিব ও সালাম নামে দুই ব্যক্তি। সোমবার (২৭ মে) রাতে হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে তারা আটক হন।

রাত সাড়ে ১১টার দিকে আটক হন মো. রাজিব দেওয়ান (৩৫)। তার দেহে প্রায় সাড়ে ৬ কেজি সোনা পায় কাস্টমস কর্তৃপক্ষ।

ঢাকা কাস্টম হাউসের উপকমিশনার অথেলা চৌধুরী বলেন, সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রাজিব সিঙ্গাপুর থেকে শাহজালাল বিমানবন্দরে নামেন। তার গ্রামের বাড়ি মুন্সীগঞ্জ সদর উপজেলার বজ্রযোগিনী ইউনিয়নে। তার বাবা মো. নুরুল ইসলাম দেওয়ান।

অথেলা চৌধুরী বলেন, প্রথমে সন্দেহ হলে রাজিবকে বোর্ডিং ব্রিজ থেকে অনুসরণ করে ঢাকা কাস্টম। গ্রিন চ্যানেল পার হতে গেলে তাকে তল্লাশি করা হয়। তবে তিনি প্রথমে আমাদের অসহযোগিতা করেন। আর্চওয়ে মেশিনে নেওয়া হলে তার গায়ে ধাতব পদার্থ থাকার সংকেত আসে। পরে তার প্যান্টের বিভিন্ন জায়গা থেকে স্কচটেপে মোড়ানো ৬টি প্যাকেট জব্দ করা হয়। প্যাকেটগুলোতে ১০০ গ্রাম ওজনের ৬৫টি সোনার বার পাওয়া যায়। এগুলোর বাজার মূল্য প্রায় ৩ কোটি ২৫ লাখ টাকা।

অপরদিকে রাত পৌনে ১২টার দিকে আটক হন মো. আব্দুস সালাম। সালাম কোন এয়ারলাইন্সে কোন দেশ থেকে এসেছেন সে ব্যাপারে জানা যায়নি।

কাস্টমস হাউসের কর্মকর্তারা জানান, বিমানবন্দরে নামার পর সন্দেহ হলে সালামের দেহ তল্লাশি করা হয়। তিনি নিজ দেহেই সোনা লুকিয়ে রেখেছিলেন। তার থেকে জব্দ করা সোনার পরিমাণ প্রায় সাড়ে ১০ কেজি। সোনাগুলো ছিল ১০৩টি বারে।

আটক ব্যক্তি স্বীকার করেছেন, তিনি সোনা চোরাচালানের সঙ্গে যুক্ত। তার গ্রামের বাড়ি গাজীপুরে। পাসপোর্ট নম্বর বিওয়াই ০০৩৬৭২৪।

এ ব্যাপারে অথেলা চৌধুরী বলেন, আটক সালামকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেব।

দৈনিক অধিকার

Leave a Reply