গজারিয়ায় ছাত্রলীগ নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

মুন্সীগঞ্জের গজারিয়ায় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে মহাসড়কে ট্রাক ও কাভার্ডভ্যানে চাঁদাবাজি ও পরিবহন শ্রমিকদের মারধরের অভিযোগ উঠেছে। এই অভিযোগ অভিযোগে গজারিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

জানা যায়, বৃহস্পতিবার সকালে বাংলাদেশ ট্রাক ও কভারভ্যান চালক শ্রমিক ইউনিয়ন (রেজি নং-বি.৬২৩) গজারিয়া শাখার সাধারণ সম্পাদক ও উপজেলা শাখা জাতীয় শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. লিয়াকত খাঁন (৪৮)স্থানীয় সংসদ সদস্য এড. মৃণাল কান্তি দাসের সঙ্গে কয়েকটি দলীয় অনুষ্ঠান শেষে দুপুর ২টায় ফেরার পথে উপজেলার ভবেরচর ইউনিয়নের কালীতলা মোড়স্থ এলাকায় আসলে বাউশিয়া ইউনিয়নের পুরান বাউশিয়া এলাকার মো. মমিনুর রহমান মাস্টারের ছেলে উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক আহম্মেদ রুবেল ও ছাত্রলীগ নেতা বাবু মিয়াসহ ৮/১০জন অতর্কিত হামলা চালিয়ে মারধর করে। এসময় তার ব্যবহৃত টার্চ মোবাইল ও কিছু নগত টাকা ছিনিয়ে নিয়ে যায়।

তিনি আরো জানান, আজ অনুষ্ঠান চলাকালে পরিবহনে চাঁদাবাজির বিষয়ে স্থানীয় এমপি’র কাছে অভিযোগ করা হয়েছিলো। তার পেক্ষিতেই এই হামলার ঘটনা ঘটিয়েছে।

বাংলাদেশ ট্রাক ও কাভার্ডভ্যান চালক শ্রমিক ইউনিয়ন গজারিয়া শাখার সভাপতি মো. ওসমান প্রধান গজারিয়া থানার অফিসার ইনচার্জ হারুন অর রশিদের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, ওসি নিজেই ছাত্রলীগ দিয়ে পরিবহনে চাঁদাবাজি করাচ্ছে। কয়েকদিন আগে ছাত্রলীগের চাঁদাবাজিতে বাধা দেয়ায় আমাদের সংগঠনের মো. আরিফ দেওয়ান ও মো. শাহাব উদ্দিনকে পুলিশ থানায় ধরে নিয়ে যায়। পরে রাতে ৩০ হাজার টাকার বিনিময়ে এবং ছাত্রলীগের কাজে বাধা না দেয়ার শর্তে মোসলেকা রেখে তাদের ছেড়ে দেয়া হয়। এতে বুঝা যায় ওসি নিজেই ছাত্রলীগকে দিয়ে চাঁদাবাজি করাচ্ছেন।

অভিযুক্ত ছাত্রলীগের সাধারণ সম্পাদক আহম্মেদ রুবেল স্থানীয় প্রতিবেদকের সঙ্গে আলাপকালে বলেন, গত আড়াই বছর ধরে পরিবহন শ্রমিক ইউনিয়নের নামে ট্রাক/কাভার্ডভ্যান প্রতি ১০০টাকা হারে কিছু টাকা আদায় করা হচ্ছে। আর এখান থেকে চাঁদার একটি অংশ উপজেলা ছাত্রলীগের পক্ষে আমার নিকট আসে। বাকি টাকাগুলো স্থানীয় কিছু সাংবাদিক ও থানা পুলিশ ও হাইওয়ে পুলিশকে দিয়ে বাকিটা শ্রমিক সংগঠনে পাঠানো হয়। তবে বাংলাদেশ ট্রাক ও কাভার্ডভ্যান চালক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. লিয়াকত খাঁনকে মারধরের বিষয়টি অস্বীকার করেন।

উপজেলা ছাত্রলীগের সভাপতি সোলাইমান হোসেন সরকার বলেন, উপজেলা ছাত্রলীগ কখনও চাঁদাবাজি করে না। যদি ছাত্রলীগের নামে কেউ চাঁদাবাজি করে থাকে তাহলে সেটি তার নিজের দায়ভার এবং চাঁদাবাজ প্রমাণিত হলে জেলা ছাত্রলীগের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভিযোগের বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ হারুন অর রশিদ বলেন, চাঁদাবাজির বিষয় আমার জানা নেই। তবে শুনেছি ছাত্রলীগের ছেলেরা লিয়াকত খাঁনকে দুই, একটি চড়, থাপ্পর দিয়েছে। তবে ছাত্রলীগের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

অবজারভার

Leave a Reply