শ্রীনগর থানায় নিখোঁজ বাবার লাশের পাশে সন্তানের অর্তনাদ“ বাবা তুমি এখানে আসলা কেমনে”

আরিফ হোসেনঃ শ্রীনগরে অজ্ঞাত পরিচয়ের এক পুরুষের লাশ উদ্ধার করার পর মোবাইল ফোনের নাম্বারের সূত্র ধরে পরিচয় নিশ্চিত হয় পুলিশ। শনিবার রাত দশটার দিকে থানায় এসে হাজির হয় নিহতের বড় ছেলে হৃদয়। তখনও কিশোর বয়সের ছেলেটি জানে না থানার লাশবাহী গাড়িতে পরে রয়েছে তার প্রিয় বাবার মরদেহ। থানায় ঢুকেই পূর্ব থেকে অবস্থান নেওয়া আত্মীয়দের কাছে জানতে চায় বাবা কোথায়। হৃদয়ের প্রশ্নে কোন আত্মীয় উত্তর দেয়না। কিছুক্ষন পর এক আত্মীয় হৃদয়ের কাঁধে হাত রাখে। এবার হৃদয় পর পর কয়েকবার তার বাবার অবস্থান জানতে চায়। এবার সেই আত্মীয় হৃদয়কে লাশবাহী গাড়িটির সামনে নিয়ে যায়। হৃদয় গগন বিদারী চিৎকার দিয়ে মাটিতে বসে পরে। বিলাপ করে বলতে থাকে “ বাবা তুমি এখানে আসলা কেমনে? কে তোমাকে এমন করল?” হৃদয়ের কান্নায় আশ-পাশের অনেকেরই চোখ জলে ভিজে উঠে।

শনিবার সন্ধ্যায় উপজেলার পাকিরাপাড়া এলাকার নির্মানাধীন রেল লাইনের পাশের জমি থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত অবস্থায় লাশটি উদ্ধার করে পুলিশ। লাশের সাথে থাকা মোবাইল ফোনের সূত্র ধরে পুলিশ ফোন দিয়ে নিশ্চিত হয় উদ্ধার হওয়া লাশটি কেরাণীগঞ্জের আব্দুল্লাহ পুরের দড়িগাও আওয়ার আটি এলাকার আব্দুর রকমান আলীর ছেলে মোঃ আজগর আলী সেলিমের(৫০)।

আজগর আলী সেলিমের বড় ছেলে হৃদয় জানায়, তার বাবা রাজেন্দ্রপুর বাসস্ট্যান্ডে মুদি দোকানী ছিলেন। বেশ কিছুদিন আগে বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নিয়ে দোকান ভাড়া দিয়ে দেয়। তারা ২ ভাই ১ বোন। হৃদয় আরো জানায়, তার বাবা শুক্রবার বিকালে একটি ফোন পেয়ে বাসা থেকে বের হয়। তার পর থেকে তার খোঁজ পাওয়া যচ্ছিল না।

স্থানীয়রা জানায়, শনিবার বিকালে স্থানীয় এক লোক বড়শিতে মাছ ধরতে গিয়ে লাশটি দেখতে পায়। পরে সে ষোলঘর ইউনিয়ন পরিষদের সদস্য ইউনুস বেপারীকে জানায়। ইউনুস বেপারী পুলিশে খবর দেয়। পুলিশ সন্ধ্যার দিকে লাশটি উদ্ধার করে।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হেদায়াতুল ইসলাম ভূঞা বলেন, লাশের শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। ময়নাতদন্তের জন্য লাশ মুন্সীগঞ্জ মর্গে প্রেরণ করা হবে।

Leave a Reply