আ.লীগের সম্মেলন ঘিরে গজারিয়ায় উৎসবের আমেজ

দশ বছর পর মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা হচ্ছে আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন। সম্মেলনে গজারিয়া উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বে নতুন মুখ দেখা যাবে এমনটাই মনে করছেন তৃণমূল নেতাকর্মীরা।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে গজারিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এই সম্মেলনকে ঘিরে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে।

সদর-গজারিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খায়রুল হাসান বলেন, এ সম্মেলনে যাতে অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সে জন্য ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেয়া হয়েছে।

সম্মেলনের একাধিক কাউন্সিলর, আয়োজক, স্থানীয় জনপ্রতিনিধি ও আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বরাত দিয়ে জানা যায়, সম্মেলনে ২০ হাজার লোকের সমাগম হওয়ার কথা রয়েছে।

জানা যায়, অনুষ্ঠানে অতিথির তালিকা নিয়েও দেখা গেছে নানামুখী বিরোধ। জানা গেছে, সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মহিউদ্দিনের। উদ্বোধক হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেছা ইন্দিরার। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা ও স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাসের।

অন্যদিকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ লুৎফর রহমানের। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র ফয়সাল বিপ্লবের।
সম্মেলনের অতিথিদের মধ্যে সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা মৃণাল কান্তি দাস ছাড়া বাকি সবাই সভাপতি প্রার্থী আমিরুল ইসলামের পক্ষে কাজ করতে পারেন এমন আশঙ্কা থেকে আরেক সভাপতি প্রার্থী রেফায়েত উল্লাহ খান তোতার সমর্থকরা বিভক্ত হয়ে পড়েছেন।

গজারিয়া থানার ওসি মোল্লা সোহেব আলী জানান, সংঘাতের কোনো আশঙ্কা প্রাথমিকভাবে দেখা যাচ্ছে না। তবে যেহেতু একটা জায়গায় অনেক লোকসমাগম হবে তাই যাতে সম্মেলনটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, সে জন্য আমাদের বাড়তি নজরদারি থাকবে। নদীতে নৌপুলিশের টহল থাকবে। এ ছাড়া সাদা পোশাকে পুলিশ সদস্যরা পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন। সম্মেলন ঘিরে ইতোমধ্যেই আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ প্রসঙ্গে জানতে সভাপতি প্রার্থী রেফায়েত উল্লাহ খান তোতার সঙ্গে একাধিকবার যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।

আরেক সভাপতি প্রার্থী আমিরুল ইসলাম বলেন, সম্মেলন ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। অনাকাঙ্ক্ষিত কিছু হবে বলে আশঙ্কা করি না। তবে কিছু লোকের একটা সুন্দর জিনিস নষ্ট করার চেষ্টা সবসময়ই থাকে। আমরা এ বিষয়ে খোঁজখবর নিচ্ছি। প্রয়োজনে হাইকমান্ডকেও জানাব। আমরা সুন্দর ও সফলভাবে সম্মেলন শেষ করার চেষ্টা করছি।

অনুষ্ঠানের প্রধান বক্তা কেন্দ্রীয় আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক ও স্থানীয় সংসদ সদস্য মৃণাল কান্তি দাস বলেন, ‘আমি আশা করি, শান্তিপূর্ণ অবস্থাই থাকবে। পুলিশ সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে সেটি ভালো, যাতে কোনো সংঘর্ষ, সংঘাত না হয়। সবার নজর সভাপতি পদের দিকে।

এদিকে উপজেলার বিভিন্ন সড়কে নির্মাণ করা হয়েছে অতিথিদের আগমন বার্তা, ছবিসহ খচিত বড় বড় গেট। পদপ্রত্যাশীদের সমর্থক ও নেতাকর্মীরা বিভিন্নভাবে তাদের পছন্দের প্রার্থীদের নাম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে জানান দিচ্ছেন। নেতাকর্মীদের নানা রঙের ফেস্টুন, ব্যানার, পোস্টার ছেয়ে গেছে উপজেলার বিভিন্ন সড়কসহ প্রতিটি অলিতে গলিতে।

দীর্ঘ ১০ বছর পর সম্মেলনে গজারিয়া উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বে নতুন মুখ দেখা যাবে এমনটাই মনে করছেন তৃণমূল নেতাকর্মীরা।

সম্মেলন উপলক্ষে ইতোমধ্যে ৩৩৪ কাউন্সিলের তালিকা চূড়ান্ত করা হয়েছে। কেন্দ্রীয় ও জেলার নেতাদের নির্দেশনায় সম্মেলন সফল করার জন্য প্রস্তুত রয়েছেন উপজেলা আওয়ামী লীগ।

এতে প্রথম অধিবেশন উদ্বোধন করবেন শিশু ও মহিলাবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেছা ইন্দিরা এমপি। প্রধান অতিথি থাকবেন জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন, প্রধান বক্তা বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস এমপি। এতে সভাপতিত্বে করবেন গজারিয়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম মহসিন চৌধুরী। সভায় সঞ্চালনা করবেন সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম। এদিকে বাংলাদেশ আওয়ামী লীগের গজারিয়া শাখার ত্রিবার্ষিক সম্মেলন সুন্দরভাবে অনুষ্ঠানের লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনী সবরকম নিরাপত্তা নিশ্চিত করেছেন বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা সোহেব আলী।

সময় সংবাদ

Leave a Reply