জালিয়াতির মাধ্যমে কাগজপত্র তৈরি করে প্রভাব খাটিয়ে সম্পত্তি দখলে ব্যর্থ হয়ে এক প্রবাসীকে মিথ্যা মামলায় হয়রানিসহ হত্যার হুমকি দেয়া হয়েছে। মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার লতব্দী গ্রামে এ ঘটনা ঘটে। এদিকে বিষয়টি নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
জানা গেছে, উপজেলার লতব্দী গ্রামের মৃত গফুর খানের ছেলে মো. আজিজ খানের সঙ্গে একই ইউনিয়নের কৃষক লীগ সভাপতি মো. বোরহান উদ্দিন আকন্দের দীর্ঘদিন থেকে বাড়ির জমি বণ্টন নিয়ে বিরোধ চলছিল। এর জেরে জেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চলতি বছর বোরহান উদ্দিন আকন্দ বাদী হয়ে একটি মামলা করেন। মামলায় আজিজ খানসহ অজ্ঞাত ২জনকে আসামি করা হয়। এছাড়া থানায় একটি লিখিত অভিযোগও দায়ের করেন তিনি। পুলিশের ভয়ে আজিজ খান ও তার পরিবার স্বাভাবিকভাকে কাজকর্মও করতে পারছেন না বলেও জানা গেছে।
এ বিষয়ে আজিজ খান বলেন, মামলার বাদী বোরহান উদ্দিন আকন্দ বিভিন্ন সময় আমার পরিবারের সদস্যদের ওপর হামলার চালাতেন। তার বিরুদ্ধে ২০১৭ সালে সিরাজদিখান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করি। প্রভাব খাটিয়ে জালিয়াতির মাধ্যমে তাদের সম্পত্তি দখলের চেষ্টা করে বোরহান উদ্দিন আকন্দ গং ব্যর্থ হয়ে এখন তাদের বিভিন্ন মিথ্যে মামলায় জড়ানোসহ প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। প্রভাবশালীদের অব্যাহত হুমকির মুখে আমরা এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি বলেও জানান ওই প্রবাসী। তিনি আরো জানান, সম্প্রতি আমার কেনা জমির সিমানা নির্ধারণ করে পাকা খুঁটি গাঁথার অভিযোগে আদালতে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। সত্যিকার অর্থে লতব্দী মৌজার খতিয়ান নম্বর ৪৪৯,৬৩৯ এবং আর এস ৬০৯ নম্বর দাগে আমি আমার মামাদের কাছ থেকে ১৪ শতাংশ জায়গা ও মর্জিনাদের কাছ থেকে ৬ শতাংশ জায়গা কিনেছি। আমার কাছে দলিল রয়েছে। আমি ওই সম্পত্তির বৈধ মালিক।
এ বিষয়ে লত্বী ইউনিয়ন কৃষক লীগ সভাপতি মামলার বাদী বোরহান উদ্দিন আকন্দ বলেন, মামলায় উল্লেখ বিষয়গুলো সত্য ঘটনা। এখানে মিথ্যার কিছু নেই। সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজাহিদুল ইসলাম সুমন বলেন, এ বিষয় থানায় লিখিত অভিযোগ হয়েছে। ভয়ের কোনো কারণ নেই। কোর্টে মামলা হয়েছে কিনা আমি জানি না, লিখিত অভিযোগের বিষয়ে আমরা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেব।
ভোরের কাগজ

Leave a Reply