মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় একটি হাউজিং কোম্পানির পক্ষ নিয়ে কৃষকের জমিতে বালু ভরাট ও দখলের পাঁয়তারা চলছে। ষোলঘর এলাকায় বিস্তীর্ণ ফসলি জমিতে বালু ভরাটের লক্ষ্যে টানা হচ্ছে ড্রেজারের পাইপ লাইন। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অনিক ইসলামের বিরুদ্ধে এ অভিযোগ করেছেন কৃষকরা।
গত শনিবার ষোলঘর এলাকা ঘুরে দেখা গেছে, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পাশেই বিস্তীর্ণ ফসলি জমিতে বালু ভরাটের বন্দোবস্ত করা হচ্ছে। ষোলঘর, পূর্ব দেউলভোগ, পাটাভোগ ও কল্লিগাঁও মৌজায় কৃষকের জমি ভরাটের লক্ষ্যে ড্রেজারের পাইপ লাইন টানছেন স্বেচ্ছাসেবক লীগ নেতা। উপজেলার পাকিরাপাড়া মোড় থেকে সমষাবাদ খাল হয়ে ড্রেজারের পাইপ বসাচ্ছেন তিনি।
সম্প্রতি পাটাভোগ এলাকায় ড্রেজারের মাধ্যমে কৃষকের জমিতে বালু ভরাট নিয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতাসহ চারজনকে কুপিয়ে আহত করে ফয়সাল বাহিনী। এ ফয়সাল বাহিনী স্বেচ্ছাসেবক লীগ নেতা অনিক ইসলামের হয়ে কাজ করে থাকেন। তাঁর লোকজন বেপরোয়া হয়ে উঠায় ষোলঘরসহ কয়েকটি গ্রামে আতঙ্ক বিরাজ করছে। প্রতিদিন কয়েকটি গ্রামে ৩০ থেকে ৪০টি মোটরসাইকেল নিয়ে মহড়া দিচ্ছে তারা।

ষোলঘর এলাকার কৃষক ওমর আলী জানান, তাঁর ৪২ শতাংশ জমি রয়েছে। তাঁর পাশের জমি দখলের উদ্দেশ্যে বালু ভরাটের পাঁয়তারা চলছে। ওমর আলীর মতো পূর্ব দেউলভোগের কৃষক মোশারফ হোসেন, শেখ জামাল, মজিদ বেপারি এবং খৈয়াগাঁও এলাকার জমির বেপারি ফারুক হোসেন তাদের জমি দখল হওয়ার আশঙ্কায় রয়েছেন।
কৃষকরা জানিয়েছেন, হাউজিং কোম্পানির হয়ে তাদের জমিতে বালু ভরাটের দায়িত্বে রয়েছেন স্বেচ্ছাসেবক লীগ নেতা অনিক ইসলাম। সম্প্রতি ডেজ্রারের পাইপ বসাতে ওই স্বেচ্ছাসেবক লীগ নেতার লোকজনকে বাধা দেয় ষোলঘর এলাকার লোকজন। এতে আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন ওই স্বেচ্ছাসেবক লীগ নেতার লোকজন। তারা এখন রীতিমতো মহড়া দিয়ে যাচ্ছেন।
স্বেচ্ছাসেবক লীগ নেতা অনিক ইসলাম বলেন, ‘বালু ভরাটের সঙ্গে কোনোভাবেই আমি জড়িত নই। আমি স্বপ্নধারা হাউজিং কোম্পানিতে চাকরি করি। মাসে আমাকে কিছু সম্মানী দেয়। আমি শুধু দেখভাল করি। চাকরির পাশাপাশি রাজনীতি করি। আর রাজনীতি করার ফলে আমার চারদিকে শত্রু আছে। তারাই আমার বিরুদ্ধে কুৎসা রটায়। আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আছে, তা মিথ্যা ও বানোয়াট।’
শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোশারেফ হোসাইন বলেন, ‘কৃষিজমি ভরাটের খবর পেয়ে ওই এলাকা পরিদর্শন করেছি। যারা কৃষিজমিতে বালু ভরাট করছিল, তাদের নিষেধ করে এসেছি। নতুন করে কারও জমি ভরাটের অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’
সমকাল

Leave a Reply