ঝুঁকিতে দেশী মাছ ও কৃষির আধার আড়িয়ল বিলের প্রতিবেশ

বিমানবন্দর না হলেও হচ্ছে কেমিক্যাল ইন্ডাস্ট্রি পার্ক, আবাসন প্রকল্প
মুন্সিগঞ্জে আড়িয়ল বিলের একাংশ ভরাট করে নির্মাণ হচ্ছে বিসিক কেমিক্যাল ইন্ডাস্ট্রি পার্ক। বর্তমানে প্রকল্পটির ভূমি উন্নয়নের কাজ প্রায় শেষের দিকে। কেমিক্যাল ইন্ডাস্ট্রি পার্ক ছাড়াও এখানে বিল ভরাট করে

মুন্সিগঞ্জে আড়িয়ল বিলের একাংশ ভরাট করে নির্মাণ হচ্ছে বিসিক কেমিক্যাল ইন্ডাস্ট্রি পার্ক। বর্তমানে প্রকল্পটির ভূমি উন্নয়নের কাজ প্রায় শেষের দিকে। কেমিক্যাল ইন্ডাস্ট্রি পার্ক ছাড়াও এখানে বিল ভরাট করে নির্মাণ হচ্ছে নানা আবাসন ও শিল্প-কারখানাও। তৈরি হয়েছে কিছু সড়ক। এতে আরো ভরাট হয়ে পড়েছে বিল। বাধাগ্রস্ত হয়েছে বিলের পানিপ্রবাহ। হুমকিতে পড়েছে দেশী মাছ এবং কৃষিকাজের বড় আধার হিসেবে পরিচিত আড়িয়ল বিল।

আওয়ামী লীগ সরকার ২০০৯ সালে ক্ষমতা গ্রহণের এক বছর পরই মুন্সিগঞ্জের আড়িয়াল বিলে বঙ্গবন্ধু শেখ মুজিব আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের সিদ্ধান্ত নিয়েছিল। সে সময় এখানকার প্রাণবৈচিত্র্য রক্ষায় আড়িয়ল বিল ভরাট করে বিমানবন্দর নির্মাণের বিরুদ্ধে আন্দোলনে নামেন স্থানীয় বাসিন্দা ও পরিবেশবিদরা। একপর্যায়ে সেখানে বিমানবন্দর নির্মাণের চিন্তা থেকে সরে আসে আওয়ামী লীগ সরকার।

মুন্সিগঞ্জে আড়িয়ল বিল ভরাট করে নির্মাণ হচ্ছে কেমিক্যাল ইন্ডাস্ট্রি, আবাসন, শিল্প-কারখানা ছবি: নিজস্ব আলোকচিত্রী

এদিকে প্রাণঘাতী ও মর্মান্তিক কয়েকটি দুর্ঘটনার পর পুরান ঢাকা ও কেরানীগঞ্জে গড়ে ওঠা কেমিক্যাল গুদামগুলো ঢাকার বাইরে নিয়ে যাওয়ার আলোচনা শুরু হয়। ছড়িয়ে-ছিটিয়ে থাকা এসব রাসায়নিক গুদাম ও কারখানা ঢাকার বাইরে সরিয়ে নিতে ২০১৯ সালের ৩০ এপ্রিল মুন্সিগঞ্জের সিরাজদিখানের তুলসীখালি চিত্রকোট ও কামারকান্দা এলাকার ৩১০ একর জায়গায় বিসিক কেমিক্যাল শিল্প পার্ক তৈরির উদ্যোগ নেয় আওয়ামী লীগ সরকার। প্রকল্পের ব্যয় ধরা হয় ১ হাজার ৬১৫ কোটি ৭৩ লাখ টাকা। কাজ শেষ হওয়ার কথা ছিল ২০২২ সালে। তবে জমি অধিগ্রহণসহ নানা সমস্যায় প্রকল্পের মেয়াদ ২০২৫ সাল পর্যন্ত বাড়ানো হয়।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, আড়িয়ল বিলে ধান ও বিভিন্ন রবিশস্যের চাষ হয়। বর্ষায় মাছ চাষ ছাড়াও অনেক শামুক পাওয়া যায় এখানে। একসময় এ শামুক বিক্রি করেও অনেকের জীবিকা চলত। তবে সাম্প্রতিক বছরগুলোয় জৌলুস হারিয়েছে আড়িয়ল বিল।

সরজমিন দেখা যায়, কেমিক্যাল ইন্ডাস্ট্রি পার্ক প্রকল্প এলাকায় ভূমি উন্নয়নের কাজ চলমান রয়েছে। এজন্য বিলের একাংশ ভরাটের পর এখন আশপাশেও অনেক স্থানে তা ভরাট করে আবাসন প্রকল্পসহ বিভিন্ন স্থাপনা নির্মাণ করা হচ্ছে। বিলের ঠিক মাঝখান দিয়ে নির্মাণ হয়েছে বেশ কয়েকটি রাস্তা। এতে বাধাগ্রস্ত হচ্ছে বিলের পানিপ্রবাহ। বিলের স্বাভাবিক পরিবেশ ব্যাহত হওয়ায় এখন এখানে মাছের প্রাপ্যতা কমেছে। কমছে কৃষিজমির উৎপাদনশীলতাও।

মুন্সিগঞ্জের স্থানীয় বাসিন্দা আরমান আলী। বছর দুই আগে তিনি আড়িয়ল বিলের দুই বিঘা জমি বিক্রি করে দিয়েছেন। তিনি বলেন, ‘জমিতে আগের মতো ফসল হয় না। মাছও পাওয়া যায় কম। ধীরে ধীরে কৃষি ও মৎস্য এখান থেকে হারিয়ে যাচ্ছে। এজন্য একটি ডেভেলপার কোম্পানির কাছে জমি বিক্রি করে দিয়েছি।’

আড়িয়ল বিলে একসময় প্রচুর পরিমাণে শোল, গজার, কৈ, শিং, মাগুরসহ দেশী মাছ পাওয়া যেত। কিন্তু বিলের ভেতর পানিপ্রবাহ ব্যাহত এবং অনেকগুলো স্থাপনা নির্মাণ হওয়ায় এখন আর এখানে ঠিকমতো মাছ পাওয়ার পরিবেশ নেই বলে মন্তব্য করেছেন সিরাজদিখানের জেলে ইমরান হোসেন। তিনি বলেন, ‘ছোটবেলা থেকেই এ বিলে মাছ ধরেছি। এখনো মাছ ধরেই জীবিকা নির্বাহ করছি। কিন্তু আগে যে পরিমাণ মাছ পেতাম এখন তার অর্ধেকও মেলে না। বিলের মাছের চাহিদা আছে ঠিকই। কিন্তু বিলে তো আগের মতো মাছ নেই। বিলের পানি এখন আবদ্ধ হয়ে পড়ছে। জায়গায় জায়গায় রাস্তা হয়েছে। কোথাও আবাসন হচ্ছে। তাহলে মাছ হবে কীভাবে?’

নির্মীয়মাণ কেমিক্যাল ইন্ডাস্ট্রি পার্কটির সঠিক ব্যবস্থাপনা না হলে গোটা আড়িয়ল বিলের প্রাণবৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি জনস্বাস্থ্য বড় ধরনের হুমকিতে পড়বে বলে আশঙ্কা করছেন রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টারের চেয়ারম্যান মোহাম্মদ এজাজ। বণিক বার্তাকে তিনি বলেন, ‘দেশে এমনিতেই জলাভূমির পরিমাণ ধীরে ধীরে কমছে। জলাভূমি কমার পেছনে বড় কারণ সরকারি প্রকল্প। আড়িয়ল বিলেও তাই দেখা যাচ্ছে। আমরা সেখানে বিমানবন্দর নির্মাণ করতে দিইনি বিল নষ্ট হবে বলে। এখন সেখানে কেমিক্যাল গোডাউন হচ্ছে। এটির সঠিকভাবে ব্যবস্থাপনা না হলে পুরো এলাকার জনস্বাস্থ্য হুমকিতে পড়বে। শুধু মানুষ নয়, ক্ষতিগ্রস্ত হবে অন্যান্য প্রাণীও। আমাদের পরিষ্কার দাবি, জলাভূমি বা বিল ভরাট করে কোনো উন্নয়ন প্রকল্প করা যাবে না। আর এ শিল্প পার্কের ড্রয়িং, ডিজাইন সরকার পাবলিক ডোমেইনে প্রকাশ করেনি। আগে এটি প্রকাশ করা হোক।’

সরজমিনে আড়িয়ল বিল এলাকার বড় একটি অংশ ঘুরে দেখা গেছে, এখানকার বৃহদংশ এখনো কৃষিকাজেই ব্যবহার হচ্ছে। বিল ভরাট করে নির্মিত রাস্তার পাশের সড়কে আবাসন ও বিপণি বিতান গড়ে তোলার প্রবণতা দেখা গেছে বেশি। এছাড়া সিরাজদিখান এলাকায় বিসিকের শিল্প পার্কের আশপাশে অনেক রিসোর্ট, কারখানা, জ্বালানি তেলের পাম্প নির্মাণ হচ্ছে। স্থানীয়দের আশঙ্কা, কেমিক্যাল ইন্ডাস্ট্রি পার্ক পুরোদমে শুরু হলে তিন-পাঁচ বছরের মাথায় বিলের বড় অংশ ভরাট হয়ে যাবে।

আড়িয়ল বিল রক্ষায় ২০১০ সালে স্থানীয়দের সঙ্গে শরিক হয়েছিলেন পানি বিশেষজ্ঞ প্রকৌশলী ম. ইনামুল হক। বিলটির বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে তিনি বণিক বার্তাকে বলেন, ‘প্রাণবৈচিত্র্য সংরক্ষণে আড়িয়ল বিলের আলাদা গুরুত্ব রয়েছে। দেশী মাছের অন্যতম আধার এ বিল। এখানে পরিযায়ী পাখি আসে। কৃষির জন্যও এ বিলের খ্যাতি আছে। যেহেতু সরকারি বিভিন্ন অবকাঠামোর কারণে বিলটির ওপর বিরূপ প্রভাব স্পষ্ট হতে শুরু করেছে, কালবিলম্ব না করে এখনই বিলটি সংরক্ষণে সরকারকে উদ্যোগী হতে হবে।’

ঢাকা ও মুন্সিগঞ্জ জেলা এবং পদ্মা নদীর মাঝখানের জলাভূমি অঞ্চল আড়িয়ল বিলের দৈর্ঘ্য ২৬ মাইল। প্রস্থ ১০ মাইল। সব মিলিয়ে বিল এলাকার মোট আয়তন ২৬০ বর্গমাইল বা ১ লাখ ৬৬ হাজার ৬০০ একর। ঢাকা থেকে কেমিক্যালের গুদাম সরিয়ে নেয়ার বিষয়ে অন্য অনেক সংস্থার মতো রাজউকের পক্ষ থেকেও সুপারিশ করা হয়েছিল। তবে সংস্থাটির কর্মকর্তারাও মনে করছেন, প্রাণবৈচিত্র্যে সমৃদ্ধ আড়িয়ল বিলে কেমিক্যাল ইন্ডাস্ট্রি পার্ক করার সিদ্ধান্তটিকে সঠিক বলা যায় না।

রাজধানীর বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) ২০২২-২০৩৫ প্রকল্প পরিচালক এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) নগর গবেষক মো. আশরাফুল ইসলাম বণিক বার্তাকে বলেন, ‘‌পুরান ঢাকার কেমিক্যাল গোডাউন সরানোর পরামর্শ আমরা দিয়েছি। তবে এ জন্য যে আড়িয়ল বিলের মতো প্রাণবৈচিত্র্যে ভরপুর ঐতিহ্যবাহী একটি বিল ভরাট করতে হবে, সেটিকে তো সঠিক সিদ্ধান্ত বলতে পারি না। আড়িয়ল বিলের দেশী মাছ শুধু মুন্সিগঞ্জ না, ঢাকারও আমিষের চাহিদা মেটায়। এখানকার আলু তো দেশের বড় অংশের চাহিদা মেটায়। এ বিল নষ্ট হয়ে গেলে দেশে আলুর মতো গুরুত্বপূর্ণ শস্যের সংকট আরো প্রকট হয়ে পড়বে। তখন আলু আমদানি ছাড়া সরকারের উপায় থাকবে না। তাই যেভাবেই হোক এ বিল রক্ষা করতে হবে। মুন্সিগঞ্জবাসীর জন্য তো বটেই, রাজধানীর খাদ্যনিরাপত্তার জন্যও এ বিল রক্ষায় উদ্যোগ নিতে হবে।’

বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের ব্যাপারে ২০১০ সালের ২৯ আগস্ট অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে নীতিগত সিদ্ধান্ত হয়। এরপর এ-সংক্রান্ত কমিটির সুপারিশে ২০১০ সালের নভেম্বরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের জন্য মুন্সিগঞ্জের আড়িয়ল বিলকে চূড়ান্তভাবে বেছে নেয়া হয়। প্রায় ২৫ হাজার একর জমিতে এ বিমানবন্দর নির্মাণে ব্যয় ধরা হয় ৫০ হাজার কোটি টাকা। পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বা পিপিপির মাধ্যমে এটি নির্মাণের সিদ্ধান্ত নেয়া হয়। পরিকল্পনা হয়, বিমানবন্দর ঘিরে হবে বঙ্গবন্ধু সিটি। তাতে থাকবে পর্যটন কেন্দ্র। থাকবে মনোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, সুবিশাল বাণিজ্যিক ভবন, খেলার মাঠ, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল নিরাপত্তাবেষ্টনী, উন্নত সড়ক, যোগাযোগ ব্যবস্থা ও আধুনিক ভবন।

কিন্তু আড়িয়ল বিলে জমি অধিগ্রহণের প্রক্রিয়া শুরু হলে এলাকাবাসী বিরোধিতা করে। ২০১১ সালের শুরুতেই বিমানবন্দরের বিরোধিতা করে ‘আড়িয়ল বিল রক্ষা কমিটি’র ব্যানারে আন্দোলন শুরু হয়। ওই বছর ৩১ জানুয়ারি গ্রামবাসী ও পুলিশের সঙ্গে সংঘর্ষে একজন পুলিশ সদস্য নিহত হন। আহত হয় কয়েকশ লোক। এরপর সরকার আড়িয়ল বিলে বিমানবন্দর নির্মাণের প্রকল্পটি স্থগিত ঘোষণা করে।

বনিক বার্তা

Leave a Reply