মুন্সীগঞ্জ শহরে জেলা বিএনপির সমাবেশে যোগ দিতে আসা মিছিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়। সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে শহরের থানারপুল এলাকায় মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপির দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষ হয়।
আহতদের মধ্যে- মেহেদী হাসান (২৬) ও অপু খানকে (১৯) মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহত মো. নাদিম (১৭), আরিফুজ্জামান (৩৭), উজ্জল (৪৫), মাসুদ মিয়া (২০), মনির হোসেন (৫৮) ও জসিম উদ্দিনসহ (৫২) বাকীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এদিকে, বিকেলে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা, অবনতিশীল আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণা ও পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবিলাসহ বিভিন্ন জনদাবিতে জেলা বিএনপি সমাবেশের আয়োজন করে। এতে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই সমাবেশে যোগ দিতে সদর উপজেলার চরাঞ্চলের মোল্লাকান্দি ইউনিয়ন থেকে বিএনপি নেতা আওলাদ হোসেন মোল্লার নেতৃত্বে মিছিল নিয়ে আসে। মিছিলটি সমাবেশস্থলের অদুরে থানারপুল এলাকায় আসলে প্রতিপক্ষ বিএনপি কর্মী রহিম মোল্লার নেতৃত্বে অপর আরেকটি মিছিল মুখোমুখি হয়। এসময় দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।
বিএনপি কর্মী আওলাদ হোসেন মোল্লা বলেন, আমাদের মিছিলের সামনে রহিম মোল্লার লোকজন বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাদের সরাতে গেলে যায়। এতে রহিম মোল্লার লোকজন আমাদের মিছিলে হামলা করে মারধর করে।
রহিম মোল্লার দাবি, আওলাদ মোল্লার লোকজন নিজেরাই মারামারি করেছে। এসময় এগিয়ে গেলে আমার লোকজনকে মারধর করা হয়েছে।
সদর থানার ওসি সাইফুল আলম জানান, সামাবেশে আসার পথে মারামারির ঘটনা ঘটেছে। মোল্লাকান্দি এলাকার দলীয় দুই গ্রুপে মারামারি হয়েছে। তবে থানায় কোনো গ্রুপই লিখিত বা মৌখিক কোনো অভিযোগ করেনি।
দেশ রুপান্তর

Leave a Reply