সাবেক এমপি বিপ্লব আবারও ৫ দিনের রিমান্ডে

নাসির উদ্দিন উজ্জ্বল: মুন্সীগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ফয়সাল বিপ্লবকে শ্রমিক সজল মোল্লা হত্যা মামলায় আবারও ৫ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। শুক্রবার (১১ জুলাই) মুন্সীগঞ্জ আমলি আদালত-১ এর বিচারক নুসরাত শারমীন শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।

মামলার শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ও মুন্সীগঞ্জ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আবদুল হালিম বলেন, ‘সাবেক এমপি ফয়সাল বিপ্লব গত সাতদিন রিমান্ডে ছিলেন। এই সময়ে তিনি পুলিশের তদন্তাধীন গুরুত্বপূর্ণ বিষয়গুলোর জবাবে অসংলগ্ন ও বিভ্রান্তিকর তথ্য দিয়েছেন। ছাত্র-জনতার আন্দোলনে ব্যবহৃত অস্ত্র এবং অন্যান্য বিষয়ে আরও জিজ্ঞাসাবাদ প্রয়োজন হওয়ায় তদন্ত কর্মকর্তা সজীব দে তার ৭ দিনের রিমান্ড আবেদন করেন। আদালত শুনানি শেষে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।’

২০২৩ সালের ৪ আগস্ট মুন্সীগঞ্জ শহরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা কর্মসূচি চলাকালে ছাত্রলীগ ও পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন শ্রমিক সজল মোল্লা। ওই ঘটনার পর দায়ের করা হত্যা মামলায় ১ জুলাই মোহাম্মদ ফয়সাল বিপ্লবকে গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হয়। তখন আদালত তাকে সাত দিনের রিমান্ডে পাঠান।

মোহাম্মদ ফয়সাল বিপ্লব একাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে পরাজিত করে বিজয়ী হন। তিনি মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মো. মহিউদ্দিনের ছেলে এবং দলটির জেলা কমিটির সদস্য।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। ২২ জুন রাজধানীর মণিপুরিপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এরপর ২০২৩ সালের ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশে যুবদল নেতা শামীম হত্যাকাণ্ডের মামলায়ও তাকে গ্রেফতার দেখানো হয়। ১ জুলাই ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ফয়সাল বিপ্লবকে মুন্সীগঞ্জ জেলা কারাগারে স্থানান্তর করা হয়।

সময় সংবাদ

Leave a Reply