মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর ইউনিয়নের পালবাড়িতে রাস্তা নির্মাণের নামে কোনো ক্ষতিপূরণ বা পূর্ব নোটিশ ছাড়াই একাধিক পরিবারকে উচ্ছেদের চেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট দপ্তরের এমন উদ্যোগে আতঙ্কিত স্থানীয়রা লিখিতভাবে জেলা প্রশাসকের কাছে অভিযোগ দিয়েছেন।
সরেজমিনে দেখা যায়, ষোলঘর গ্রামের নুরে আলম চৌধুরীর বাড়ি থেকে পালবাড়ি পর্যন্ত একটি আরসিসি (রিনফোর্সড সিমেন্ট কনক্রিট) সড়ক নির্মাণের কাজ চলছে। রাস্তার দুই পাশে গাইডওয়ালসহ ইটের গাঁথুনি দেয়া হচ্ছে। তবে পালবাড়ির সামনে এসে রাস্তার কাজ থমকে গেছে। কারণ, সড়কটি যেখানে শেষ হওয়ার কথা, সেখানে দুই পাশে বসতবাড়ি থাকায় মাত্র দেড় থেকে দুই ফুট জায়গা খালি রয়েছে। ফলে পূর্বের মতো ১৫ থেকে ১৮ ফুট প্রশস্ত রাস্তা তৈরি করা সম্ভব হচ্ছে না।
স্থানীয়দের অভিযোগ, রাস্তার কাজ শেষ করতে গিয়ে যেকোনো সময় তাদের বসতবাড়ির সীমানা প্রাচীর ভেঙে দেয়ার আশঙ্কা তৈরি হয়েছে। অথচ এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের নোটিশ দেয়া হয়নি, এমনকি ক্ষতিপূরণের কথাও বলা হয়নি।

ভুক্তভোগীদের মধ্যে পালবাড়ির বর্তমান মালিক লুৎফে হাবীব, নাঈমা হাবিব, ইমরান হাবিব, নাসিমা হাবিব ও শারমিন রহমান জানান, ওই জমিটি প্রায় ৮০ বছরের পুরোনো এবং তাদের পৈত্রিক সূত্রে প্রাপ্ত। বর্তমানে এ জমির দেখভাল করেন তাদের পক্ষে আমমোক্তারনামা পাওয়া কাজী রুবেল।
তারা জানান, ২০০৭ সালে জেলা প্রশাসক ওই জমিকে খাস খতিয়ানভুক্ত দাবি করে আদালতে মামলা দায়ের করেন। কিন্তু সরকার তার দাবির পক্ষে প্রমাণ দিতে ব্যর্থ হওয়ায় ২০১৮ সালে আদালত মালিকপক্ষের পক্ষে রায় দেন। পরবর্তীতে সরকার রায়ের বিরুদ্ধে আপিল করে। আপিলেও ২০২৪ সালে জেলা জজ আদালত আবারও রায় দেন মালিকপক্ষের অনুকূলে। এরপর সরকার আবার উচ্চ আদালতে আপিল করে, যা বর্তমানে বিচারাধীন।
লুৎফে হাবীব বলেন, ‘ছয়-সাত মাস আগে হঠাৎ করে ভূমি অফিসের সার্ভেয়ারসহ কয়েকজন এসে আমাদের বসতবাড়ির জমি মাপতে শুরু করে। কোনো ধরনের নোটিশ বা মৌখিক জানানো ছাড়া এটা তারা করে। এসময় আমাদের ভাড়াটিয়ারা প্রতিবাদ করলে তারা বলেন, এখানে রাস্তা হবে। তখনই আমরা বিষয়টি জানতে পারি।’
তিনি আরও বলেন, ‘পরে আমরা জেলা প্রশাসকের কাছে লিখিতভাবে অভিযোগ করি এবং সাক্ষাতে তাকে জানাই, এটা আমাদের পৈত্রিক সম্পত্তি, কোনো খাস জমি নয়। ম্যাপে এই জায়গায় কোনো রাস্তার উল্লেখ নেই। জেলা প্রশাসক তখন আমাদের আশ্বস্ত করেন যে অবৈধভাবে কিছু হবে না।’
এ বিষয়ে শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম রাব্বানী সোহেল বলেন, ‘আমি এখানে মাত্র দুই মাস হলো দায়িত্বে এসেছি। যতদূর জানি, কারও বাড়ির উপর দিয়ে রাস্তা নেয়া হয়নি। যদি কাউকে ক্ষতিগ্রস্ত করে রাস্তা করতে হয়, তাহলে অবশ্যই আইনগতভাবে অধিগ্রহণ করেই তা করা হবে।’
এলজিইডির শ্রীনগর উপজেলা কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মো. আ. বারিক বলেন, ‘রাস্তার কাজ প্রায় শেষ পর্যায়ে। তবে পালবাড়ির সামনে এসে জায়গা না থাকায় কাজ বন্ধ রাখা হয়েছে। জোরপূর্বক কোনো কিছু করার সুযোগ নেই। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করেই কাজ সম্পন্ন করা হবে।’
এদিকে ভুক্তভোগীরা বলছেন, প্রশাসনের আশ্বাস সত্ত্বেও বাস্তবে কোনো স্থায়ী সমাধান মেলেনি। জমি নিয়ে মামলা বিচারাধীন থাকা অবস্থায় এমন উদ্যোগ সম্পূর্ণ বেআইনি ও অন্যায় বলেও দাবি করেন তারা। দ্রুত বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তারা।
চ্যানেল 24

Leave a Reply