মুন্সীগঞ্জে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৩

মুন্সীগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর লোকজনের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে তিনজন গুলিবিদ্ধসহ অন্তত চারজন আহত হয়েছেন।

শুক্রবার (৩ অক্টোবর) দুপুর দেড়টার দিকে সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের হোগলাকান্দি গ্রামের গাজী ও মোল্লা গোষ্ঠীর মধ্যে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন- সাকিব মোল্লা (৩০), মহিউদ্দিন মোল্লা (৩৫) ও আকাশ মোল্লা (২৫)। তাদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদিকে আহত সাব্বির মোল্লাকে (২২) মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তার নিয়ে ভিটি হোগলাকান্দি গ্রামের গাজী ও মোল্লা গোষ্ঠীর বিরোধ চলছিল। ওই বিরোধের জেরে শুক্রবার দুপুরে স্থানীয় মসজিদে জুমার নামাজ আদায় করতে গেলে বাহারউদ্দিন মোল্লার ছেলে সাব্বিরকে মারধর করে প্রতিপক্ষ গাজী গোষ্ঠীর লোকজন। এ ঘটনার প্রতিবাদ জানাতে গেলে উভয় গোষ্ঠীর লোকজনের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণেরও ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সেখান থেকে অবিস্ফোরিত ১৪টি ককটেল উদ্ধার করে।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শৈবাল বসাক বলেন, ‘তিনজনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠাানো হয়েছে।’

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইফুল আলম বলেন, ‘ওই গ্রামে ককটেল বিস্ফোরণ ও গুলির শব্দ পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয়। এরপর পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই পক্ষের লোকজন পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ককটেল উদ্ধার করা হয়েছে। বর্তমানে সেখানকার পরিস্থিতি শান্ত রয়েছে।’

খবরের কাগজ

Leave a Reply