মুন্সীগঞ্জে ব্যস্ত সময় কাটাচ্ছেন বিএনপির ৮ মনোনয়ন প্রত্যাশী

মুন্সীগঞ্জের তিনটি সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশীরা মাঠে-ময়দানে ব্যস্ত সময় পার করছেন। কেন্দ্র ঘোষিত দলীয়, সামাজিক ও মানবিক অনুষ্ঠানাদি পালনে ব্যাপক প্রতিযোগিতায় নেমেছেন সম্ভাব্য প্রার্থীরা। জানান দিচ্ছেন নিজেদের প্রার্থীতা নিয়েও।

এই মুহুর্তে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার তুলে ধরতে ও জনমত গঠনের লক্ষ্যে এবং নদীবেষ্টিত জেলা মুন্সীগঞ্জে মা ইলিশ সংরক্ষণে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। বেকার জেলেদের সাহায্য সহযোগিতাও করছেন কোনো কোনো সম্ভাব্য প্রার্থী।

তবে, প্রার্থীদের সবাই ‘সবার আগে বাংলাদেশ, ৩১ দফায় গড়বো দেশ’ এমন স্লোগানে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করছেন। মুন্সীগঞ্জের তিনটি সংসদীয় আসনে আট জন সম্ভাব্য প্রার্থী রয়েছেন। তাদের মধ্যে ছয় জনই নতুন মুখ এবং চার জন কেন্দ্রীয় নেতা।

প্রার্থীদের সবারই একই অভিমত- দল এবার যোগ্য, পরিচ্ছন্ন, শিক্ষিত, ত্যাগী এবং মাঠের নেতাদের মনোনয়ন দেবেন।

নির্বাচনী বিশ্লেষণে দেখা যায়, মুন্সীগঞ্জে নারী ভোটারদের কাছে ধানের শীষ প্রতীক সবচেয়ে জনপ্রিয়। গত কয়েকটি জাতীয় সংসদ নির্বাচনে নারী ভোটের কারণে বিএনপি এগিয়ে থেকেছে। পুরুষ ভোট বিভক্ত হলেও নারী ভোটেই বিএনপি জয় লাভ করেছে।

বিএনপিতে অভ্যন্তরীণ টানাপোড়েন
মুন্সীগঞ্জ বিএনপি বর্তমানে অভিভাবক সংকটে ভুগছে। জেলা বিএনপির সাবেক সভাপতি ও পাঁচবারের সাবেক এমপি আব্দুল হাই দীর্ঘদিন ধরে অসুস্থ। সাবেক মন্ত্রী মিজানুর রহমান সিনহা ২০২০ সালে দল থেকে পদত্যাগ করে রাজনীতি থেকে বিদায় নেন। এরপর চলতি বছর (২০২৫) জেলা বিএনপির আহ্বায়ক হয়ে জেলার রাজনীতিতে আবার ফিরে আসেন। দলের দুঃসময়ে পদত্যাগ করে আবার দলে ফেরায় দলীয় নেতাকর্মীরা ক্ষুব্ধ।

নেতাকর্মীদের প্রত্যাশা, এবার মনোনয়ন পেতে হলে রাজপথে সক্রিয় ও ত্যাগী নেতাদেরই অগ্রাধিকার দেবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

৩ আসনে সম্ভাব্য প্রার্থী
জেলা নির্বাচন অফিস জানায়, মুন্সীগঞ্জে মোট ভোটার ১৪ লাখ ১৮ হাজার ৭৩৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭ লাখ ২৯ হাজার ৮৫৩, নারী ভোটার ৬ লাখ ৮৮ হাজার ৮৮১ এবং হিজড়া ভোটার ৪ জন।

মুন্সীগঞ্জ-১ (শ্রীনগর-সিরাজদিখান)
বিএনপি থেকে সম্ভাব্য প্রার্থীরা হলেন- ঢাকা কলেজের সাবেক ভিপি ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শেখ মো. আব্দুল্লাহ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. মমিন আলী। এর মধ্যে মমিন আলী ২০০৪ সালের উপনির্বাচনে ধানের শীষ প্রতীকে পেয়ে পরাজিত হন।

মুন্সীগঞ্জ-২ (লৌহজং-টঙ্গীবাড়ী)
এ আসনে বিএনপি থেকে ৩ হেভিওয়েট প্রার্থী আলোচনায় রয়েছেন। তারা হলেন- সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা, বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।

মুন্সীগঞ্জ-৩ (সদর-গজারিয়া)
এ আসন থেকে সম্ভাব্য প্রার্থী তালিকায় রয়েছেন মূলত দু’জন। তারা হলেন- বিএনপির কেন্দ্রীয় সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সাবেক সদস্য সচিব কামরুজ্জামান রতন, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব ও সদর উপজেলা বিএনপির সভাপতি মো. মহিউদ্দিন। মহিউদ্দিন জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি আলহাজ্ব আব্দুল হাইয়ের ছোট ভাই।

মুন্সীগঞ্জ-১ আসনে মনোনয়ন প্রত্যাশী মীর সরফত আলী সপু বলেন, ‘গত ১৬-১৭ বছরে যারা জেল-জুলুম এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলা মামলার শিকার হয়েছেন দল এবার সেসব ত্যাগীদের মূল্যায়ন করবে বলে বিশ্বাস করি।’

তিনি মনে করেন, বিভিন্ন সংস্থার জরিপের মাধ্যমে প্রার্থীদের জনপ্রিয়তাও যাচাই করা যেতে পারে।

একই আসনের অপর সম্ভাব্য প্রার্থী শেখ মো. আব্দুল্লাহ বলেন, ‘জনগণ যাকে পছন্দ করেন এবং দল যাকে চাইবে তাকেই মনোনয়ন দেয়া হবে।’

মুন্সীগঞ্জ-২ আসনে মনোনয়ন প্রত্যাশী বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বিগত আন্দোলন সংগ্রামে যারা রাজপথে ছিলেন। তিনি সর্বস্তরের মানুষের সাথে যাদের যোগাযোগ রয়েছে এবং এলাকায় জনপ্রিয়তা আছে- তাদের অতীত বিচার-বিশ্লেষণ করে মূল্যায়ন করার দাবি জানান।

মুন্সীগঞ্জ সদর-৩ আসনে মনোনয়ন প্রত্যাশী বিএনপির কেন্দ্রীয় নেতা কামরুজ্জামান রতন বলেন, ‘শুনেছি দল এবার শিক্ষিত, সৎ, জনপ্রিয়, যোগ্য ও জনগণের সাথে সম্পৃক্ত- এ ধরনের মানুষগুলোকে প্রার্থী নির্ধারণে মূল্যায়ন করবেন।

একই আসনের মনোনয়ন প্রত্যাশী মো. মহিউদ্দিন বলেন, ‘জনমত যাচাই বাছাই করে যার জনসমর্থন আছে তাকেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মূল্যায়ন করবেন।’

অবজারভার

Leave a Reply