প্রবাসীর স্ত্রীর ‘ওড়না পেঁচানো’ ঝুলন্ত মরদেহ উদ্ধার

মুন্সীগঞ্জের সিরাজদিখানে এক সৌদি প্রবাসীর স্ত্রীর ওড়না পেঁচানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) উপজেলার মদ্যপাড়া ইউনিয়নের কাকালদী গ্রামে একটি বসতবাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ওই নারীর নাম শিউলি আক্তার (৩৭)। তিনি সিরাজদিখান উপজেলার কাকালদী গ্রামের মো. ইসমাইল হাওলাদারের মেয়ে এবং দুই সন্তানের জননী।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিউলি আক্তারের দ্বিতীয় স্বামী প্রায় দেড় বছর ধরে সৌদি আরবে প্রবাস জীবন কাটাচ্ছেন। সম্প্রতি পারিবারিক কলহ ও মানসিক চাপের মধ্যে ছিলেন বলে দাবি করেছে স্বজনেরা।

এদিকে শিউলি আক্তারের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুই শিশুকে রেখে তার এমন মৃত্যু সবাইকে স্তম্ভিত করেছে।

আরও পড়ুন
বাংলাদেশের সঙ্গে বিরোধ, আন্তর্জাতিক সালিশে যাচ্ছে আদানি

শিউলী আক্তারের মা বিলকিস বেগম বলেন, প্রায় দেড় বছর আগে কুমিল্লার সোহাগ নামে এক সৌদি প্রবাসীর সঙ্গে শিউলী আক্তারের টেলিফোনে বিয়ে হয়। তখন থেকেই টাকা-পয়সা নিয়ে আমার মেয়েকে তার শ্বশুর-বাড়ির লোকজন মানসিক নির্যাতন করত। বিষয়টি গ্রামের অনেকেই জানতেন।

এ বিষয়ে সিরাজদিখান থানার ওসি মো. আবু বকর জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করছি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

সময়ের আলো

Leave a Reply