মুন্সীগঞ্জ যুগ্ম জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের সেরেস্তা সহকারী হাফিজুর রহমানের ওয়ারেন্ট ইস্যুতে এক যুবককে কারাগারে যেতে হয়েছে। চেক ডিজঅনার মামলায় আদালতের নির্দেশে টাকা জমা দেয়ার দুইদিন পর এই সেরেস্তা সহকারী ওয়ারেন্ট ইস্যু করেন। এরপর ভুক্তভোগী যুবক ইমরান হোসেন (৩৫)কে থানা পুলিশ গ্রেপ্তার করে কারাগারে প্রেরণ করা হয়।
পরবর্তী সময়ে আদালতের নকল এবং সরকারি কোষাগারে টাকা জমা দেয়ার কাগজপত্র দেখিয়ে রোববার (৯ নভেম্বর) সেরেস্তা সহকারী হাফিজুর রহমান ইমরান হোসেনকে কারামুক্ত করেন।
ভুক্তভোগী ইমরান হোসেন মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার মধ্য কয়রাখোলা গ্রামের মো. ইদ্রিস মিয়ার ছেলে। তার ছোট ভাই সাইদুল ইসলাম জানান, আদালতের নির্দেশে ব্যাংকে সাড়ে ৭ লাখ টাকা জমা দেয়ার পর জামিন লাভ করেও, একই ঘটনায় প্রতিপক্ষের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে সেরেস্তা সহকারী হাফিজুর রহমান দুই দিন পর মিথ্যা ওয়ারেন্ট জারি করেন। এই কারণে ইমরান হোসেন তিনদিন জেলে ছিলেন।

মামলা ও আদালতের আদেশনামায় জানা যায়, সিরাজদিখান উপজেলার কয়রাখোলা গ্রামের মৃত মহসিনের ছেলে মো. জামাল হোসেন ইমরানকে আসামি করে ২০২২ সালের ১১ আগস্ট যুগ্ম দায়রা জজ দ্বিতীয় আদালতে ১৫ লাখ টাকার চেক জালিয়াতির মামলা করেন (সেশন মামলা নং ৫৪৩/২০২২)। আদালতের আদেশে ১২ অক্টোবর ইমরানকে হাজিরা দিতে গেলে জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক মো. মাসুদ-উর-রহমান। পরদিন ১৩ অক্টোবর চেকের অর্ধেক সাড়ে ৭ লাখ টাকা মুন্সীগঞ্জ সোনালী ব্যাংক শাখায় জমা দেয়ার পর জামিন মঞ্জুর করা হয়।
সাইদুল ইসলাম জানান, দুইদিন পর ১৫ অক্টোবর সেরেস্তা সহকারী মো. হাফিজুর রহমান স্মারক নং ২০৯৮-এ ওয়ারেন্ট জারি করে তার ভাইকে ৬ নভেম্বর মধ্যরাতে সিরাজদিখান থানার পুলিশ গ্রেপ্তার করে কারাগারে প্রেরণ করেন। পরে রোববার অফিসে আদালতের আদেশনামা ও ব্যাংকের চালান কপি দেখিয়ে তাকে মুক্ত করা হয়।
তিনি আরও বলেন, প্রতিপক্ষের কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে সেরেস্তা সহকারী এই ওয়ারেন্ট জারি করেছেন। আমাদের হয়রানি এবং ভাইয়ের তিনদিন জেল খাটানোর বিষয়ে আমরা বিচার চাই।
এ বিষয়ে সেরেস্তা সহকারী মো. হাফিজুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে চাননি এবং পরবর্তী সময়ে জানানোর প্রতিশ্রুতি দিয়ে কল কেটে দেন।
অবজারভার

Leave a Reply