মুন্সীগঞ্জ-৩ মাঠে সমানতালে রতন, মহিউদ্দিন: বিতর্ক পুস্তিকে ঘিরে

মোজাম্মেল হোসেন সজল: বিএনপির দুর্গে মনোনয়ন ঝুলে থাকা প্রার্থী ও সমর্থকদের মধ্যে তীব্র অসন্তোষ বিরাজ করছে। মুন্সীগঞ্জের তিনটি সংসদীয় আসনের মধ্যে দুইটিতে প্রার্থী তালিকা ঘোষণা করা হলেও, মুন্সীগঞ্জ-৩ আসনে মনোনয়ন চূড়ান্ত না হওয়াই অসন্তোষের প্রধান কারণ। মনোনয়ন ঝুলে থাকা বিষয়ে মুন্সীগঞ্জ-৩ আসনের দুই শক্তিশালী প্রার্থীও অবহিত নন বলে জানিয়েছেন।

এদিকে, মনোনয়ন চূড়ান্ত না হওয়ার পর মোশারফ হোসেন পুস্তি নামে এক শিল্পপতির মনোনয়ন চাওয়াকে কেন্দ্র করে স্থানীয় বিএনপিতে সমালোচনার ঝড় উঠেছে।

ওদিকে, মনোনয়ন নিয়ে কেন্দ্রীয় বিএনপির সমাজকল্যাণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা কামরুজ্জামান রতন এবং জেলা বিএনপির সদস্য সচিব, মুন্সীগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি মো. মহিউদ্দিন সমানতালে এলাকায় প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এই দুইজনকে ঘিরেই মুন্সীগঞ্জ-৩ নির্বাচনী এলাকায় উত্তাপ ও উত্তেজনা বিরাজ করছে। কামরুজ্জামান রতন ও মো. মহিউদ্দিন বিগত সরকার বিরোধী আন্দোলন থেকে মাঠে রয়েছেন।

ছবি: বাম থেকে ডান-কামরুজ্জামান রতন, মোঃ মহিউদ্দিন, মোশারফ হোসেন পুস্তি।

কারাবাস, আন্দোলন-সংগ্রাম, মামলা-হামলা—সবই তাদের ওপর হয়েছে। তারা দু’জনই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফা’ বাস্তবায়নের অঙ্গীকার তুলে ধরতে এবং জনমত গঠনের লক্ষ্যে লিফলেট বিতরণ, জনকল্যাণমুখী বিভিন্ন কার্যক্রম ও ৭ নভেম্বর ঘিরে ব্যাপক শোডাউন আয়োজনের মাধ্যমে ধানের শীষ প্রতীকের জন্য ভোট চাইছেন দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে।

অপরদিকে, আকস্মিকভাবে মনোনয়ন চাওয়া শিল্পপতি মোশারফ হোসেন পুস্তিকে কেন্দ্র করে স্থানীয় বিএনপিতে নানা সমালোচনা রয়েছে। গত ১৭ বছরে একদিনও তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে এলাকায়, মাঠে বা আন্দোলনে উপস্থিত হননি বলে অভিযোগ। ২০২৪ সালের ৫ আগস্টের পর পর্যন্ত তার সঙ্গে এলাকায় কোনো যোগাযোগ নেই। অথচ মনোনয়ন চাওয়া নিয়ে দলের নেতাকর্মীরা ক্ষুব্ধ।

স্থানীয় নেতাকর্মীদের অভিযোগ, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠাতা ও প্রথম সভাপতি মীর কাশেম আলীর ৩শ’ কোটি টাকার সম্পদ ৬০ কোটি টাকায় ক্রয় করে পুস্তি সমস্যায় পড়েন। বিএনপির জন্য নয়; বরং জামায়াতে ইসলামি থেকে তার মনোনয়ন চাওয়া উচিত ছিল। এরপর ২০১৬ সালের ৩ সেপ্টেম্বর জামায়াত নেতা মীর কাশেম আলীর দণ্ড কার্যকর হলে স্থানীয় আওয়ামী লীগের সঙ্গে তার শখ্যতা গড়ে ওঠে। ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে জেলা আওয়ামী লীগের সভাপতি, পলাতক মোহাম্মদ মহিউদ্দিনের বড়পুত্র ফয়সাল বিপ্লবের নির্বাচনে তিনি নানাভাবে আর্থিক সহযোগিতা করেন।

এমন একজন প্রশ্নবিদ্ধ লোক কিভাবে বিএনপির মনোনয়ন চাইছেন—তৃণমূলের নেতাকর্মীদের প্রশ্ন।

জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি শহিদুল ইসলাম শহীদ বলেন, “পুস্তি তৃণমূলের প্রার্থী নন। মো. মহিউদ্দিন ও কামরুজ্জামান রতনকে ঘিরেই এ আসনের বিএনপিতে আলোচনা চলছে। বিএনপি করার কারণে তিনি ক্ষতিগ্রস্ত হননি।”

জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা যুবদলের সাবেক সভাপতি সুলতান আহমদ বলেন, “গত ১৭ বছর পুস্তিকে আমরা পাইনি। আমাদের কোনো উপকারেও আসেননি। তিনি আজও মাঠে নেই। তার মনোনয়ন চাওয়া হাস্যকর। এরকম হলে ত্যাগীদের রাজনীতি করার দরকার নেই।”

মুন্সীগঞ্জ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাইদুর রহমান ফকির বলেন, “মোশারফ হোসেন পুস্তিকে ১৭ বছরে একদিনও আমরা মাঠে পাইনি। কোনো কর্মীকেও বিন্দুমাত্র সহযোগিতা করেননি। বিএনপির জন্য তিনি ক্ষতিগ্রস্ত হননি। জামায়াতের সঙ্গে তার ব্যবসা ও সম্পদ ক্রয় সংক্রান্ত কর্মকাণ্ডের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে শুনেছি।”

মুন্সীগঞ্জ-৩ আসনে গত ৫ বারের এমপি ও জেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ আব্দুল হাইয়ের ছোট ভাই, জেলা বিএনপির সদস্য সচিব, মনোনয়ন প্রত্যাশী মো. মহিউদ্দিন বলেন, “জনমত যাচাই-বাছাই করে যার জনসমর্থন আছে তাকেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মূল্যায়ন করবেন। বিতর্কিত কাউকে মনোনয়ন দেওয়া হোক—এটা আমরা চাই না। অবশ্যই ত্যাগীদের মূল্যায়ন হবে।”

মুন্সীগঞ্জ সদর-৩ আসনে মনোনয়ন প্রত্যাশী সাবেক ছাত্রনেতা ও বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন বলেন, “শুনেছি দল এবার শিক্ষিত, সৎ, জনপ্রিয়, যোগ্য ও জনগণের সঙ্গে সম্পৃক্ত মানুষকে প্রার্থী নির্ধারণে মূল্যায়ন করবেন। ত্যাগীদের বাদ দিয়ে বিতর্কিতদের মূল্যায়ন হবে না।”

মনোনয়ন প্রত্যাশী মোশারফ হোসেন পুস্তি বলেন, “আমি বিএনপি করি বলেই আওয়ামী সরকারের ডিজিএফআই আমাকে আয়নাঘরে নিয়ে নির্যাতন করেছে। র‍্যাব ধরে নিয়ে গেছে। শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছি। অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্তও হয়েছি। আমি সবসময়ই বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত আছি। উপজেলা নির্বাচন করেছি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলাম। আমি স্বচ্ছ মানুষ। আমাকে মনোনয়ন দেওয়া হলে চুরি-লুটপাট হবে না।”

অবজারভার

Leave a Reply