সিরাজদিখান উপজেলায় যুবলীগ–ছাত্রলীগের প্রকাশ্য মিছিল

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক কার্যক্রম উপেক্ষা করে যুবলীগ ও ছাত্রলীগের ব্যানারে প্রকাশ্যে মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার বাসাইল ইউনিয়নের ইমামগঞ্জ বাজার এলাকায় স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগ সমর্থিত নেতাকর্মীরা হঠাৎ করেই মিছিল বের করেন।

মিছিলের নেতৃত্ব দেন সিরাজদিখান উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম লিটু।

স্থানীয় সূত্র জানায়, নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ছাত্রলীগের পাশাপাশি যুবলীগের বহু নেতাকর্মী এতে অংশ নেন। প্রকাশ্য এই রাজনৈতিক মিছিল দেখে সাধারণ মানুষের মধ্যে বিস্ময় সৃষ্টি হয় এবং স্থানীয় রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

মিছিলটি ইমামগঞ্জ বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে এলাকায় উত্তেজনা সৃষ্টি করে। এ সময় মিছিলের ঠিক পেছনে পুলিশের একটি টহলগাড়ি চলতে দেখা যায়, যা ঘটনাটিকে আরও প্রশ্নবিদ্ধ করেছে।

শেখ হাসিনার মৃত্যুদণ্ড-সংক্রান্ত রায় ঘোষণার পরদিনই মিছিল বের হওয়ায় বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে নানা আলোচনা চলছে।

ঘটনার সত্যতা স্বীকার করে সিরাজদিখান থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, “মিছিল চলাকালীন সময়ে ডিউটিরত পুলিশের একটি টহলগাড়ি ওই সড়ক দিয়ে যাচ্ছিল। আমাদের অফিসার বুঝে ওঠার আগেই মিছিলকারীরা দ্রুত পালিয়ে যায়।”

অবজারভার

Leave a Reply