ভবেরচরের গণহত্যা দিবস আজ

১৯৭১ সালের ৭ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচরে এক ভয়াবহ গণহত্যা চালায়। পাক বাহিনী যুদ্ধের নয় মাসে ঢাকা-চট্টগ্রামে মহসড়কে যত হত্যাযজ্ঞ চালিয়েছে এর মধ্যে সবচেয়ে নৃশংস ভবেরচর গণহত্যা।

ভবেরচর গ্রামের মাটি বয়ে বেড়ায় একাত্তরের শোক, কান্না আর রক্তের স্মৃতি। প্রতি বছর ৭ ডিসেম্বর এলেই এই গ্রাম নিস্তব্ধ হয়ে পড়ে মনে হয় মাটির ভেতর থেকে উঠে আসে হারানো কিশোরদের আহাজারি। এই গ্রামের সন্তান ছিলেন আউয়াল সরকার। সেদিন যাকে হানাদাররা চোখ উপড়ে, পুরুষাঙ্গ কেটে, বেয়নেট দিয়ে ক্ষতবিক্ষত করে হত্যা করেছিল।

এখানে ১৯৭১ সালের ৩০ আগস্ট স্থানীয় মুক্তিযোদ্ধারা সাহসিকতার সঙ্গে ভবেরচর সেতুটি উড়িয়ে দেয়। হানাদাররা কাঠ দিয়ে নতুন সেতু বানিয়ে তা সচল রাখে এবং পাশেই স্থাপন করে সেমি-ক্যাম্প যেখানে তারা দিনের পর দিন যাত্রীদের লুটপাট, নির্যাতন ও নারীদের ওপর পাশবিকতা চালায়।

গ্রামবাসীর ক্ষোভ ধীরে ধীরে বিস্ফোরণের মুখে পৌঁছে। এক রাতে তারা আগুন ধরিয়ে দেয় সেতুটিতে। আগুনে কাঠের সেতুটি ভাঙেনি, কিন্তু পরদিন ৭ ডিসেম্বর ফজরের আজানের ঠিক পর থেকেই গ্রামবাসী দল বেঁধে সেতু ভাঙতে নামে।

তখনই আসে ছদ্মবেশী হত্যাদলের মাইক্রোবাস গায়ে রেড ক্রসের চিহ্ন, ভেতরে হানাদারদের পাল্টা আক্রমণের প্রস্তুতি। মুহূর্তেই চারদিক যেন গুলির আগুনে দাউ দাউ করে ওঠে।

সেতু, গাছপালা, বাজার কোথাও নিরাপত্তা নেই। লোকজন জীবন বাঁচাতে ছুটে,কেউবা খালে লাফিয়ে পড়ে, কেউ ডোবায় লুকায়, কেউ দৌড়ে পেরিয়ে যেতে চায় বালুধুমের মাঠ। সেদিন বেঁচে থাকার জন্য অনেক কিশোররা কবরস্থানকে নিরাপদ জায়গা ভেবে সেখানে আশ্রয় নেয়। কিন্তু সেটিই হলো তাদের মৃত্যুকূপ। হানাদাররা কবরস্থানের চারপাশ ঘিরে ফেলে, গাছের আড়াল, কবরের পাশে লুকিয়ে থাকা একে একে কিশোরদের বের করে আনে। এরপর শুরু হয় বর্বরতার উন্মত্ত নৃশংসতা।

বেয়নেটে খুঁচিয়ে হত্যা, চোখ উপড়ে ফেলা, পুরুষাঙ্গ কেটে দেয়া, আঙুল বিচ্ছিন্ন করা, দেহ থেঁতলে দেয়া। সেদিন যারা প্রাণ হারিয়েছিল তারা সবাই ছিলেন কিশোর।

আবদুল আউয়াল সরকার, মতিউর রহমান জাহাঙ্গীর, শাহাদত হোসেন, শাহজালাল মৃধা, রুহুল আমীন সরকার, উমেশ চন্দ্র মালি, নূর মোহাম্মদ বেপারী, নূরুল ইসলাম ও গোলাম হোসেন ছিলেন কিশোর। সঙ্গে নিহত হন গ্রামের প্রবীণ কৃষক মো. ইসমাইল সরকার ও স্বর্ণকার হরিপদ চক্রবর্তী।

এ গণহত্যা ছিল না আকস্মিক, পাকিস্তানি বাহিনী আগস্টেই ভবেরচরের তরুণদের বিরুদ্ধে হুলিয়া জারি করেছিল। প্রতিশোধের আগুনে পুড়তে থাকা হানাদাররা পরিকল্পিতভাবে সেদিন ইতিহাসের অন্যতম নৃশংস হত্যাযজ্ঞ ঘটায়।

প্রতি ৭ ডিসেম্বর ভবেরচর কবরস্থানে স্মরণ করায় ১৯৭১ সালের প্রাণ হারোনো নেই বীর কিশোরদের কথা। স্থানীয়রা জানান, ১৯৭১ সালের ৭ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা এই এলাকায় নির্বিচারে হত্যা চালায়। সেদিন ভবেরচরের কিশোর-যুবাসহ নিরীহ বহু মানুষকে ধরে নিয়ে এসে গুলি করে হত্যা করা হয়।

হামলার পরদিন পর্যন্ত গ্রামজুড়ে ছিল মরদেহের সারি ও কান্নার রোল। সহায় সম্বলহীন মানুষ জনে জনে তাদের স্বজনদের মরদেহ খুঁজে বেড়ালেও অনেককেই আর শনাক্ত করা সম্ভব হয়নি। নিহতদের অধিকাংশকেই দ্রুত একটি বড় খাদে সমাহিত করা হয় যা পরবর্তীতে ভবেরচর গণকবর নামে পরিচিতি পায়।

নিউজজি

Leave a Reply