শীতকালে টমেটো, ফুলকপি, শিম, বেগুনসহ নানা সবজিতে ভরে ওঠে মুন্সীগঞ্জের মাঠ। কিন্তু বাজারে দাম পড়ে গেলে কৃষকের সেই স্বপ্নের সবজিই রূপ নেয় লোকসানে। সংরক্ষণের অভাবে নষ্ট হয় বিপুল পরিমাণ সবজি যা কৃষকের আয় কমিয়ে দেয়। গত মৌসুমেও অনেক সবজি উৎপাদন খরচের নিচে বিক্রি হওয়ায় জেলায় বহু কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। এই বাস্তবতা বদলাতে কৃষি মন্ত্রণালয় সারাদেশে মিনি কোল্ড স্টোরেজ উদ্যোগ সম্প্রসারণ করছে যা মুন্সীগঞ্জের কৃষকদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। মুন্সীগঞ্জে ইতোমধ্যে ৪টি মিনি কোল্ডস্টোরেজ স্থাপন করা হয়েছে।
মঙ্গলবার মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ফার্মার্স মিনি কোল্ড স্টোরেজ চালু উপলক্ষে এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। এতে ক্ষুদ্র কৃষক, কৃষি উদ্যোক্তা, গবেষক, উপজেলা কৃষি কর্মকর্তা ও সাংবাদিকসহ অনেকে উপস্থিত ছিলেন। কর্মশালায় মিনি কোল্ড স্টোরেজের প্রযুক্তি, সংরক্ষণ প্রক্রিয়া, খরচ, উপকারিতা এবং কৃষকের আয় বৃদ্ধিতে এর ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মুন্সীগঞ্জে সবজি ও ফল উৎপাদন বেড়েছে, কিন্তু সংরক্ষণের সীমাবদ্ধতার কারণে কৃষকের আয় স্থিতিশীল থাকে না। সঠিক সময়ে সংরক্ষণ করতে না পারায় অনেক কৃষক লোকসান গুনেন। এই পরিস্থিতিতে নতুন প্রযুক্তিনির্ভর ফার্মার্স মিনি কোল্ড স্টোরেজ কৃষকদের সামনে সম্ভাবনার নতুন দ্বার খুলে দিয়েছে।
জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড অর্থায়নে ‘জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সাশ্রয়ী কোল্ড স্টোরেজ প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে কৃষকের আয় বৃদ্ধি’ শীর্ষক প্রকল্প বাস্তবায়ন করছে কৃষি মন্ত্রণালয়। মিনি কোল্ড স্টোরেজের দুটি মডেল রয়েছে—টিএসসিআর (ঘরভিত্তিক) এবং টিএসসিসি (কনটেইনারভিত্তিক)। দুটিই সোলারচালিত, সেন্সর–নিয়ন্ত্রিত, পরিবেশবান্ধব ও বিদ্যুৎসাশ্রয়ী। মোবাইল অ্যাপের মাধ্যমে তাপমাত্রা ও আর্দ্রতা নিয়ন্ত্রণ করা যায়। ৮–১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কয়েক মাস পর্যন্ত ফল ও সবজি সতেজ রাখা সম্ভব। ঘরভিত্তিক স্টোরেজে ১০ টন পণ্য রাখা যায় এবং খরচ প্রায় ৫ লাখ টাকা। কনটেইনারভিত্তিক মডেলের খরচ প্রায় ১৫ লাখ—যা প্রচলিত কোল্ড স্টোরেজের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম।
প্রধান অতিথির বক্তব্যে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নূরমহল আশরাফী বলেন, দুই দশক আগেও মুন্সীগঞ্জের কৃষি ছিল সীমিত, কিন্তু এখন তা দেশের সম্ভাবনাময় উৎপাদনভূমিতে পরিণত হয়েছে। তিনি বলেন, উৎপাদন বাড়ছে ঠিকই, কিন্তু সংরক্ষণের আধুনিক ব্যবস্থা না থাকায় কৃষক ন্যায্যমূল্য পান না। মিনি কোল্ড স্টোরেজ চালু হলে তা কৃষকের জন্য একটি যুগান্তকারী সুবিধা হবে। এতে ফসল নষ্ট কমবে, বাজারে স্থিতিশীলতা আসবে, আর কৃষির লাভজনকতা বাড়বে।
সভাপতির বক্তব্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মুন্সীগঞ্জের উপপরিচালক ড. মোঃ হাবিবুর রহমান বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে উৎপাদনে ভালো ফল মিললেও বাজারে দাম পড়ে গেলে কৃষকের লাভ কমে যায়। সংরক্ষণের সীমাবদ্ধতা কৃষকদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ফার্মার্স মিনি কোল্ড স্টোরেজ যুক্ত হলে কৃষকের ফসল নষ্ট হবে না, তারা সঠিক সময়ে ভালো দামে পণ্য বিক্রি করতে পারবেন। এতে বাজার–অস্থিরতাও কমবে।
প্রকল্পের পরিচালক তালহা জুবায়ের মাসরুর বলেন, “প্রতি শীতেই দেখা যায় বাজারে অতিরিক্ত সবজি আসায় দাম পড়ে যায়। সংরক্ষণ না থাকায় কৃষক বাধ্য হয়ে কম দামে বিক্রি করেন। মিনি কোল্ড স্টোরেজ সেই ক্ষতি কমাবে। কৃষক চাইলে নিজ বাড়িতেও কম খরচে এ স্টোরেজ তৈরি করতে পারবেন। আমরা প্রয়োজনীয় প্রযুক্তিগত সহায়তা দেব।”
কৃষকদের পক্ষ থেকে বক্তব্য দেন মোঃ আশফাকুর রহমান দীপু। তিনি বলেন, “আমরা নিজেরাই ছোট মিনি কোল্ড স্টোরেজ করতে চাই, কিন্তু ব্যাংক ঋণের শর্ত কঠিন। যদি সহজ শর্তে ঋণ দেওয়া হয়, তাহলে আমরা নিজেরাই সংরক্ষণ ব্যবস্থা গড়ে তুলতে পারব। এতে সবজি নষ্ট হবে না, আয়ও বাড়বে।” তিনি আরও বলেন, মুন্সীগঞ্জে আরও মিনি কোল্ড স্টোরেজ স্থাপনের প্রয়োজন রয়েছে।
প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন ফারজানা শাহরিন, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা; নিয়ামুদ্দিন আহমেদ, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা; পুষ্পিতা চন্দ্র পাল, উপজেলা কৃষি কর্মকর্তা; রিয়াজাত সাদাত হোসেন; মোহাম্মদ বিন সাদেক; মোঃ আবু সাঈদ শুভ; মোঃ হাসান-উদ-দোলা এবং মাঠপর্যায়ের অন্যান্য কর্মকর্তা।
সমকাল

Leave a Reply