মুন্সীগঞ্জে ৩ ‘ডাকাতকে’ পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেয় পুলিশ।
ডাকাতির চেষ্টাকালে মুন্সীগঞ্জের গজারিয়ায় তিন ডাকাতকে আটক করে পিটুনি দিয়েছে গ্রামবাসী। এ সময় তাদের কাছ থেকে ২১ রাউন্ড কার্তুজ, তিনটি রামদা, ২০টি ককটেল ও ছয়টি পেট্রলবোমা উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার রাত ৩টার দিকে উপজেলার সীমান্তবর্তী গুয়াগাছিয়া ইউনিয়নের শিমুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

শুক্রবার সকাল ৯টার দিকে আহত তিন ডাকাতকে পুলিশে সোপর্দ করার পর তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেয় পুলিশ।

এ সময় আটকরা পুলিশকে জানিয়েছে- তারা ডাকাত নয়, প্রতিপক্ষের লোকজন তাদের মারধর করে জনতার হাতে তুলে দিয়েছে।

আটকরা হলেন- নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার আবু হানিফ, চাঁদপুরের মতলব উত্তর উপজেলার হাঁপানিয়া গ্রামের রাসেল বেপারী ও গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের বালুয়াকান্দি গ্রামের লোকমান বেপারী।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সম্প্রতি এলাকায় চুরি-ডাকাতি বেড়ে যাওয়ায় স্থানীয়ভাবে গ্রাম পাহারার ব্যবস্থা করা হয়। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার রাতে পাহারা চলছিল। রাত আড়াইটা থেকে তিনটার সময়ে গ্রামে ১০ থেকে ১২ জনের একটি দলের উপস্থিতি দেখতে পেয়ে পাহারাদাররা ডাকাত ডাকাত বলে তাদের ধাওয়া দেয়। এ সময় কয়েকজন পালিয়ে গেলেও জনতার হাতে আটক হয় তিনজন। তাদের কাছ থেকে ২১ রাউন্ড কার্তুজ, ৩টি রামদা, ২০টি ককটেল ও ছয়টি পেট্রলবোমা উদ্ধার করা হয়।

গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক নূরে আলম জিকু বলেন, “এ ঘটনায় আহত তিনজনকে আমাদের হাসপাতালে নিয়ে আসে পুলিশ। আহতদের লোকমান ও আবু হানিফের অবস্থা ভালো নয়। তাদের শরীরের বিভিন্ন অংশ আঘাতের চিহ্ন রয়েছে। হাত-পা ভেঙে গেছে কিনা তা নিশ্চিত হওয়ার জন্য এক্স-রে করতে দেওয়া হয়েছে। এক্স-রে রিপোর্ট আসলে বিস্তারিত বলতে পারব।”

তবে আটক লোকমান বেপারী নিজেদের নির্দোষ দাবি করে বলেন, “আমরা ডাকাত নই। আমাদের প্রতিপক্ষ নয়ন-পিয়াস গ্রুপের লোকজন বৃহস্পতিবার রাতে আমাদের মারধর ধরে জনতার হাতে তুলে দিয়েছে। এই ভোতা অস্ত্র, পেট্রলবোমা নিয়ে কেউ ডাকাতি করতে আসে? এসব অস্ত্রও তাদের দেওয়া।”

গজারিয়া থানার ওসি হাসান আলী বলেন, “তাদের কাছ থেকে কিছু অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”

দেশকাল নিউজ

Leave a Reply