৯৪ ভরি স্বর্ণ উদ্ধার, পুলিশ কর্মকর্তা-কৃষক লীগ নেতাসহ গ্রেপ্তার ৫

মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন ও ক্রাইম) ফিরোজ কবীর বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেন। ঢাকা থেকে স্বর্ণ নিয়ে বাসে চড়ে চট্টগ্রামে যাওয়ার সময় পুলিশের পোশাক পরা ডাকাতদলের লুট করা ৯৪ ভরি স্বর্ণালঙ্কার ও ১৩ লাখ টাকা উদ্ধার করেছে মুন্সীগঞ্জের গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন ও ক্রাইম) ফিরোজ কবীর বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তাররা হলেন- ঢাকার এসবিতে কর্মরত সাব-ইন্সপেক্টর আকতারুজ্জামান মুন্সী, মানিকগঞ্জের রামকৃষ্ণপুর ইউনিয়নের কৃষক লীগের সভাপতি রমজান আলী ও একটি বেসরকারি টিভির ঢাকার শাহ আলী থানা এলাকার প্রতিনিধি রমজান, মাইক্রোবাসচালক জাকির হোসেন ও ইসলাম জুয়েলার্সের মালিক ইসমাইল হোসেন।

অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন ও ক্রাইম) ফিরোজ কবীর জানান, গ্রেপ্তার সাব-ইন্সপেক্টর আকতারুজ্জামান মুন্সীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অপর আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া তাদের বিক্রি করা আরো কিছু স্বর্ণ উদ্ধারের চেষ্টা চলছে। পলাতক আরো একজন ডাকাতকে গ্রেপ্তার এবং অবশিষ্ট লুণ্ঠিত মালামাল উদ্ধারে অভিযান চলছে।

তিনি জানান, ৭ ডিসেম্বর বিকাল ৪টার দিকে ঢাকা থেকে চট্টগ্রামে স্বর্ণ নিয়ে বাসযোগে যাওয়ার সময় পুলিশের পোশাক পরা তিনজনসহ পাঁচজনের একটি ডাকাতদল স্বর্ণ ব্যবসায়ী দুইভাইকে তাদের নামে মাদক মামলা আছে বলে সবার সামনে হ্যান্ডকাফ পরিয়ে বাস থেকে নামিয়ে নিয়ে যায়। পরে মাইক্রোবাসে তুলে তাদের চোখ বেঁধে মারপিট করে ভয় দেখিয়ে তাদের কাছে থাকা মোট ১৪৫ ভরি ৮ আনা ৪ রতি স্বর্ণালঙ্কার, দুটি মোবাইল ফোন, নগদ টাকা, দুটি এটিএম কার্ড এবং একটি এনআইডি কার্ড ডাকাতি করে নিয়ে যায়। পরে ওই দুজনকে গাজীপুর জেলার কালীগঞ্জ থানা এলাকায় হাত পা বাঁধা অবস্থায় নামিয়ে চলে যায় ডাকাত দল।

অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন ও ক্রাইম) ফিরোজ কবীর জানান, ৯ ডিসেম্বর সকাল সাড়ে ৭টার দিকে ঢাকার কাফরুল থানা এলাকা থেকে ১০ ভরি স্বর্ণ ও নগদ ৭ লাখ টাকাসহ শনাক্তকৃত মাইক্রোবাসের চালক জাকির হোসেন ও একই স্থান থেকে লুণ্ঠিত স্বর্ণের ৪৩ ভরি ১ আনা, ডাকাতির কাজে ব্যবহৃত দুটি হ্যান্ডকাফ, দুটি ওয়াকিটকি, তিন সেট পুলিশের পোশাক ও ডাকাতির কাজে ব্যবহার করা মাইক্রোবাসসহ আক্তারুজ্জামান মুন্সীকে গ্রেপ্তার করা হয়।

পরে তাদের দেওয়া তথ্য মতে ঢাকার মিরপুরের শাহ আলী থানা এলাকা থেকে ২০ ভরি ৮ আনা স্বর্ণালঙ্কার, স্বর্ণ মাপার স্কেল, একটি বেসরকারি টিভি চ্যানেলের আইডি কার্ড এবং স্বর্ণ বিক্রয়ের নগদ ৫ লাখ টাকাসহ রমজানকে গ্রেপ্তার করা হয়।

তাদের দেওয়া তথ্যমতে মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানা এলাকা থেকে ১৩ ভরি ৭ আনা স্বর্ণালঙ্কার এবং স্বর্ণ বিক্রয়ের নগদ এক লাখ ৫০ হাজার টাকাসহ রমজান আলীকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্য মতে ইসলাম জুয়েলার্সের মালিক ইসমাইল হোসেনকে ছয় ভরি স্বর্ণসহ গ্রেপ্তার করা হয়।

দেশকাল নিউজ

Leave a Reply