মুন্সীগঞ্জের তিন আসনে ৩৭২ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ

জেলায় ভোটকেন্দ্র স্থাপিত হবে ৪৬৯টি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জেলার অতিঝুঁকিপূর্ণ ও ঝুঁকিপূর্ণ ৩৭২টি ভোটকেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এর মধ্যে প্রাথমিকভাবে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে ২৭২টি এবং ঝুঁকিপূর্ণ হিসেবে ১০০টি ভোটকেন্দ্র চিহ্নিত করা হয়েছে। আর ৯৭টি ভোটকেন্দ্র সাধারণ হিসেবে চিহ্নিত করা হয় বলে জানিয়েছেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো মেনহাজুল ইসলাম।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় জানায়, মুন্সীগঞ্জে ৩টি সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ১৪ লাখ ১৯ হাজার ৬১৪ জন। মোট ভোটকেন্দ্র স্থাপিত হবে ৪৬৯টি। এর মধ্যে ৩৭২টি কেন্দ্র অতিঝুঁকিপূর্ণ এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে।

শান্তিপূর্ণ ভোট গ্রহণের লক্ষ্যে অতিঝুঁকিপূর্ণ এবং ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রগুলোতে প্রশাসন থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য নিয়োগ করা হবে।

জেলা নির্বাচন অফিস জানায়, জেলার তিনটি সংসদীয় আসনে সর্বমোট ১৪ লাখ ১৯ হাজার ৬১৪ জন ভোটার রয়েছে। এর মধ্যে পুরুষ ভোটার ৭ লাখ ৩০ হাজার ৪৩৫ জন আর মহিলা ভোটার ৬ লাখ ৮৯ হাজার ১৭৫ জন। হিজরা ভোটার চারজন।

তিনটি সংসদীয় আসনে এবার মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৪৬৯টি। এর মধ্যে মুন্সীগঞ্জ-১ আসনে ভোটকেন্দ্রের সংখ্যা ১৭০টি এবং কক্ষের সংখ্যা ১ হাজার ৬০টি।

মুন্সীগঞ্জ-২ আসনে ভোট কেন্দ্রের সংখ্যা ১৩০টি এবং কক্ষের সংখ্যা ৭৭৪টি এবং মুন্সীগঞ্জ-৩ আসনে ভোটকেন্দ্রের সংখ্যা ১৬৯টি এবং কক্ষের সংখ্যা ১ হাজার ১৭টি।

মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম জানান, জেলার তিনটি সংসদীয় আসনে মোট ভোটকেন্দ্র ৪৬৯টি। এই কেন্দ্রগুলো তিন ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। এর মধ্যে প্রাথমিকভাবে অতিঝুঁকিপূর্ণ হিসেবে ২৭২টি এবং ঝুঁকিপূর্ণ হিসেবে ১০০টি চিহ্নিত করা হয়েছে। সাধারণ হিসেবে ৯৭টি ভোটকেন্দ্রকে চিহ্নিত করা হয়েছে।

তিনি বলেন, অতিঝুঁকিপূর্ণ এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে নির্বাচনের সময় অতিরিক্ত আনসার, পুলিশ এবং প্রয়োজনে বিজিবি সদস্যসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য সদস্য মোতায়েন থাকবে। কেন্দ্রগুলোতে বডি ক্যামেরাসহ ষ্ট্রাইকিং ফোর্স থাকবে। সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক পর্যেবক্ষণ করা হবে।

মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা সৈয়দা নুরমহল আশরাফী গণমাধ্যমকে জানিয়েছেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে অতিঝুঁকিপূর্ণ এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্র চিহ্নিত ও সঙ্গে সুষ্ঠু সড়ক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে। যাতে প্রয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে পারে।

এছাড়া ভোট কেন্দ্রগুলোতে থাকবে সিসি ক্যামেরা। মোতায়েন করা হবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য। শান্তিপূর্ণ পরিবেশে ভোটাররা যাতে ভোট দিতে পারে সে লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। ভোটাররা নির্বিঘ্নে নিজ নিজ ভোট দিতে পারবেন বলে জানিয়েছেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা সৈয়দা নুরমহল আশরাফী।

দেশকাল নিউজ

Leave a Reply