মুন্সীগঞ্জ সদরের ইছামতী ও ধলেশ্বরী নদীর মোহনার কাছে অস্থায়ী বেদেপল্লির টং ঘরগুলোতে জ্বলছে বিজলি বাতি। চলছে বৈদ্যুতিক টেবিল ফ্যান। ক্যাসেট প্লেয়ারও চালাচ্ছে বেদেরা। সৌরবিদ্যুতে পল্লির টং ঘরগুলো সন্ধ্যা ঘনিয়ে এলেই আলোকিত হয়ে ওঠে।
মুন্সীগঞ্জ জেলা শহর থেকে পাঁচ কিলোমিটার অদূরে মিরকাদিম পৌরসভা কার্যালয় ঘেঁষা ইছামতী ও ধলেশ্বরী নদীর মোহনার কাছে মিরকাদিম বেদেপল্লি। পল্লির একটি ঘরে থাকেন অনিকা আক্তার। তাঁর স্বামী মুন্না মিয়া ২৫ হাজার টাকায় একটি ও ১৫ হাজার টাকায় একটিসহ মোট দুটি সোলার সিস্টেম কেনেন। তারা লাইট জ্বালানোর পাশাপাশি ফ্যানও চালিয়ে থাকেন। তাঁর সঙ্গে কথা বলার সময় চোখে পড়ল ছোট আকারের টেবিল ফ্যান চালিয়ে তিনি রান্না করছেন। অনিকা বললেন, আগে দিনের বেলায় প্রচণ্ড গরম ও রাতে ঘন অন্ধকারে হারিকেন ও কুপি জ্বালিয়ে থাকতেন। সৌরবিদ্যুৎ তাদের জীবনমানে পরিবর্তন এনেছে।

দুই নদীর মোহনার কাছেই নোঙরে থাকা নৌকায় ও তীরে নির্মিত টং ঘরে বসবাস করছে ১১০টি বেদে পরিবার। নাগরিক সুবিধাবঞ্চিত পরিবারগুলো নদী থেকে মাছ ধরে ও গ্রামে গ্রামে গিয়ে হাঁড়ি-পাতিল বিক্রি করে জীবিকা নির্বাহ করছে। বেদে পরিবারের এক বৃদ্ধা আঙ্গুরী বেগম জানালেন, ডাঙায় টং ঘরগুলোর মধ্যে আটটি পরিবার তাদের ঘরের চালে সোলার প্যানেল লাগিয়েছে। ব্যাটারিসহ ১৫ হাজার টাকা খরচ করে তিন বছর আগে তাঁর ছেলে রতন মিয়া তাদের টং ঘরের চালে সোলার প্যানেল লাগিয়েছেন।
বেদেপল্লির সাথী আক্তার বলেন, আমরা লাইট, ফ্যান এবং মোবাইল চার্জের কাজে সোলার ব্যবহার করতে পারছি। সোরবিদ্যুৎ আসার পর অনেক শান্তিতে আছি। বেদে পরিবারের সদস্য আকাশ ইসলাম বলেন, ‘আধুনিকাতার ছোঁয়া বেদেপল্লিতে দেখা গেলেও আয়-রোজগার কম হওয়ায় অনেক
কষ্ট করে চলতে হয় আমাদের। আমার ঘরে তিন ছেলে আর এক মেয়ে, তাদের নিয়ে আমার পরিবার। আগের পেশা ছেড়ে এখন লঞ্চঘাটে শ্রমিকের কাজ করে যে টাকা উপার্জন হয়, তা দিয়ে কোনোমতে স্ত্রী-সন্তান নিয়ে বেঁচে আছি।’
আকাশ আরও বলেন, সৌরবিদ্যুতের অনেক সুবিধা পাচ্ছি আমরা। সারাদিন কাজ করে এসে মোবাইলে চার্জ দিতে পারি, ঘরে সাউন্ড বক্স বাজাতে পারি, ফ্যান চালাতে পারি এবং লাইট জ্বালাতে পারি। তবে সার্বিকভাবে জীবন অমানবিক। মূল স্রোতধারা থেকে বিচ্ছিন্ন, নেই নাগরিক অধিকার।’
বেদে পরিবারের সদস্য মাজাহারুল ইসলাম বলেন, ‘সৌরবিদ্যুতের আলোয় সংসারে কাজ করতে অনেক সুবিধা হয়েছে। আগে আমরা কেরোসিনের তেল পুড়িয়ে বাতি জ্বালাতাম। সোরবিদ্যুৎ আসার পরে আর তেল পুড়িয়ে বাতি জ্বালাতে হয় না।’
সমকাল

Leave a Reply