মুন্সীগঞ্জ-৩: আচরণবিধি লঙ্ঘনে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীকে শোকজ

ঘটনায় ৭ জন আহত হয়েছেন বলে দাবি করেছেন স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে মুন্সীগঞ্জ-৩ আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী কামরুজ্জামান রতন ও স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।

শনিবার বিকালে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী ওই দুই প্রার্থীকে আলাদাভাবে নোটিশ পাঠান।

শুক্রবার বিকাল পৌনে ৫টায় গজারিয়া উপজেলার সোনালী মার্কেট এলাকায় মুন্সীগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিনের সমর্থকদের মিছিলে হামলা চালানোর অভিযোগ ওঠে বিএনপি প্রার্থী কামরুজ্জামান রতন সমর্থকদের বিরুদ্ধে।

এই ঘটনায় ৭ জন আহত হয়েছেন বলে দাবি করেছেন স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন। তিনি বিষয়টি জেলা রিটার্নিং অফিসারকে অবহিত করেছেন।

এই ঘটনায় স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিন বলেছিলেন, “আমার বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন। আমি জনগণের আকাঙ্ক্ষা পূরণে নির্বাচনে প্রার্থী হয়েছি, কিন্তু আমার প্রতিপক্ষ বুঝতে পেরেছে যে আমার জনসমর্থন বেশি। তাই তারা এমন আচরণ করছে। আমি এই ঘটনার নিন্দা জানাচ্ছি এবং হামলাকারীদের শাস্তির দাবি করছি।”

অভিযোগ অস্বীকার করে বিএনপি প্রার্থী কামরুজ্জামান রতন বলেছিলেন, “আমি মুন্সীগঞ্জ শহরে প্রচারে ব্যস্ত ছিলাম, এ বিষয়ে আমি কিছু জানি না। এসবের দায় আমার বা আমার দলের নয়। যারা হামলা করেছে, তাদেরই দায় নিতে হবে।”

দেশকাল নিউজ

Leave a Reply