শ্রীনগরে বিএনপি থেকে বহিষ্কৃত হয়ে ইউপি চেয়ারম্যানের মিষ্টি বিতরণ

মুন্সীগঞ্জ জেলা বিএনপি থেকে বহিষ্কৃত হওয়ার পর শ্রীনগরে মিষ্টি বিতরণ করেছেন শ্রীনগর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তাজুল ইসলাম। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে তিনি শ্রীনগর বাজার ও ইউনিয়ন পরিষদ এলাকায় পথচারী ও দোকানিদের মধ্যে মিষ্টি বিতরণ করেন।

এর আগে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত ২৭ জানুয়ারির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য দেলোয়ার হোসেন, তাজুল ইসলাম, আওলাদ হোসেন উজ্জ্বল, জসিম মোল্লা এবং জেলা মহিলা দলের সভাপতি সেলিনা আক্তার বিনাসহ আরও কয়েকজন নেতাকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কারের বিষয়ে সাধারণ কর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেলেও, শ্রীনগর বাজারে মিষ্টি বিতরণের ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

স্থানীয়দের একাংশের মতে, বহিষ্কারের খবরটি উৎসবমুখর পরিবেশে উদযাপনের মাধ্যমে তাজুল ইসলাম দলীয় সিদ্ধান্তের প্রতি ভিন্নধর্মী প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

একই আদেশে সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আওলাদ হোসেন ভূঁইয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন আহমেদ এবং কোলা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু তাহেরকেও দল থেকে বহিষ্কার করা হয়েছে।

উল্লেখ্য, তাজুল ইসলাম শ্রীনগর উপজেলা বিএনপি, শ্রীনগর সরকারি কলেজ ও মুন্সীগঞ্জ জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ছিলেন। এছাড়া তিনি জেলা যুবদলের সহ-সভাপতি, কেন্দ্রীয় যুবদলের সদস্য ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি শ্রীনগর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং সর্বশেষ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হন।

তাজুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, “৩৫ বছর ধরে দলের রাজনীতি করে আমি বহু মামলার আসামি হয়েছি। আর দল এখন আমাকে এই পুরস্কার দিল। কী কারণে আমাকে বহিষ্কার করা হয়েছে, তা আমি এখনও জানি না। সাধারণত কোনো ভুল করলে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়, কিন্তু এক্ষেত্রে সেটাও করা হয়নি। মূলত আওয়ামী লীগ আমলে যারা আওয়ামী লীগ থেকে সুবিধা নিয়েছে, তাদের সুযোগ করে দিতেই আমাকে এবং আরও কয়েকজন ত্যাগী কর্মীকে বহিষ্কার করা হয়েছে।”

অবজারভার

Leave a Reply