মুন্সীগঞ্জে ৩ বালতিতে তাজা ককটেল উদ্ধার

মুন্সীগঞ্জে পরিত্যক্ত মুদি দোকান থেকে ৩ বালতি তাজা ককটেল ও বেশ কয়েকটি চোরাই ব্যাটারি উদ্ধার করেছে সেনাবাহিনী। শনিবার রাত ৯টার দিকে সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের ঢালিকান্দি এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়।

বালতিতে আনুমানিক অর্ধশতাধিক ককটেল থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, চরাঞ্চলের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নাশকতা এড়াতে কয়েকদিন ধরেই এলাকায় টহল জোরদার করা হয়েছিল। শনিবার রাত ৯টায় ঢালীকান্দি মানিক শিকদারের বাড়িতে অভিযান করে সেনা সদস্যরা। পরে পাশের একটি পরিত্যক্ত দোকানের ভেতরে তিনটি লাল প্লাস্টিকের বালতি দেখে সন্দেহ হলে তল্লাশি চালিয়ে ককটেলগুলো পাওয়া যায়। একই জায়গা থেকে বেশ কিছু মোবাইল টাওয়ারে ব্যবহৃত চোরাই ব্যাটারি পাওয়া যায়।

১৯ বীর মাওয়া সেনানিবাসের সিও লেফটেন্যান্ট কর্নেল আকিব জাভেদ এ তথ্য জানান।

স্থানীয়রা জানান, সম্প্রতি এলাকায় পূর্ব বিরোধের জেরে পক্ষ-বিপক্ষের কারণে কিছু অসাধু লোক আধিপত্যের বলয় তৈরি করতে বিশৃঙ্খলা করতে চেয়েছিল। শনিবার সন্ধ্যায় নোয়াদ্দা এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান বলেন, ‘আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত টহল ও নজরদারি অব্যাহত রয়েছে। যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। তবে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে এবং সংশ্লিষ্ট অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় রেখে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।’

এ বিষয়ে মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী বলেন, ‘মুন্সীগঞ্জে পরিবেশ শান্ত ও সুষ্ঠু রাখতে জেলা প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। যেকোনো ধরনের নাশকতা বা সহিংসতা কঠোর ভাবে দমন করা হবে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিত ভাবে কাজ করছে। আমাদের এই অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে।’

অবজারভার

Leave a Reply