মুন্সীগঞ্জের ২৫০ শয্যার মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী। বুধবার দুপুরে তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং সেবার মান নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক হাসপাতাল কম্পাউন্ড, বর্জ্য ব্যবস্থাপনা ভবন, জরুরি বিভাগ, টিকিট কাউন্টার, ওষুধ বিতরণ কেন্দ্র, মহিলা ও শিশু ওয়ার্ড, গাইনি ও প্রসূতি বিভাগ, ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার, রান্নাঘর ও প্যাথলজি বিভাগসহ বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন। এ সময় তিনি রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবার বিষয়ে খোঁজ নেন।

হাসপাতালের সার্বিক মানোন্নয়ন নিয়ে আয়োজিত এক পর্যালোচনা সভায় জেলা প্রশাসক বলেন, শূন্যপদ দ্রুত পূরণ ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করতে হবে। পরিচ্ছন্নতা কর্মীর সংখ্যা বাড়িয়ে তিন শিফটে কাজ পরিচালনার নির্দেশ দেন তিনি। পাশাপাশি জরুরি বিভাগ পুরোনো ভবন থেকে নতুন ভবনে স্থানান্তর এবং ফ্রন্ট ডেস্ক পুরোপুরি চালুর ওপর গুরুত্ব দেন।
তিনি আরও বলেন, রোগীদের সেবায় দায়িত্বশীলতা ও আন্তরিকতা নিশ্চিত করতে হবে। হাসপাতাল প্রাঙ্গণে অবৈধ দোকান ও অননুমোদিত পার্কিং বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।
এ ছাড়া গণপূর্ত বিভাগ-কে হাসপাতালের অবকাঠামোগত উন্নয়ন ও সৌন্দর্যবর্ধন দ্রুত বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়।
পরিদর্শনকালে সিভিল সার্জন, হাসপাতালের তত্ত্বাবধায়ক, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ও জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঢাকা টুডে

Leave a Reply