মুন্সীগঞ্জে হত্যা মামলার আসামি গ্রেফতারের দাবিতে মানববন্ধন

মুন্সীগঞ্জ সদরে নির্বাচন-পরবর্তী সহিংসতায় নিহত জসিম নায়েব (৩৩) হত্যা মামলার আসামিদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩০ মার্চ) বেলা ১১টার দিকে সদর উপজেলার আধারা ইউনিয়নের চর আবদুল্লাহপুর গ্রামে নিহতের বাড়ির সামনে এ কর্মসূচি পালন করেন স্বজন ও এলাকাবাসী। এতে ঘণ্টাব্যাপী কর্মসূচিতে স্থানীয় শতাধিক নারী-পুরুষ অংশ নেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা জসিম হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা অভিযোগ করেন, ঘটনার পরও এখনও প্রধান আসামিদের আইনের আওতায় আনা হয়নি, ফলে পরিবার ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে। এসময় উপস্থিত ছিলেন নিহতের চাচা মো. জয়নাল নায়েব, মোস্তফা নায়েব, ফুপু ভানু বেগম ও হাজেরা বেগম, বড় ভাবি শাহনাজ বেগম ও ছোট ভাবি রিয়া মনিসহ পরিবারের অন্যান্য সদস্যরা। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি আশপাশের সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

নিহতের চাচা মোস্তফা নায়েব বলেন, দুজন আসামিকে পুলিশ গ্রেপ্তার করলেও মূল আসামি নাছির দেওয়ান ও তার ছেলে সাকিল এখনও গ্রেফতার হয়নি। তিনি অভিযোগ করেন, নাছির দেওয়ান পূর্বেও একটি হত্যাকাণ্ডে জড়িত ছিলেন, যা পরে মিথ্যা প্রমাণিত হয়। তাদের দ্রুত গ্রেফতার করে বিচারের দাবি জানান তিনি।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরদিন ১৩ ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে মুন্সীগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নের চর আবদুল্লাহপুর গ্রামে নিজ বাড়ির পাশে জসিম নায়েবকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে প্রতিপক্ষ। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যা ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় জসিম নায়েবের বাবা ও বড় ভাইও আহত হন। ঘটনার পর সদর থানা পুলিশ দুইজনকে গ্রেফতার করলেও মূল আসামিরা এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছে।

বিডি-প্রতিদিন

Leave a Reply