সংঘবদ্ধ ছিনতাই: টেলিগ্রামে পরিচয়ের ফাঁদে পড়ে মালামাল লুট, গ্রেপ্তার ২

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ছনবাড়ী এলাকায় টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে পরিচয় গড়ে কোটিপতি হওয়ার প্রলোভন দেখিয়ে সংঘবদ্ধ ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ভুক্তভোগী মোঃ ইউনুচ শেখ (২১) জানান, প্রায় ৬-৭ মাস আগে তার চাচাতো ভাই মোঃ সাকিব শেখের সঙ্গে টেলিগ্রামে পরিচয় হয় ইয়াছিন মোল্লা (২১)-এর। ধীরে ধীরে সুসম্পর্ক গড়ে তুলে ইয়াছিন অনলাইনে সহজ আয়, ঘোরাঘুরি ও একটি পুরোনো ল্যাপটপ বিক্রির প্রস্তাব দেন।

এই প্রলোভনে পড়ে গত ১৬ এপ্রিল রাতে ভুক্তভোগীরা মোটরসাইকেলযোগে শ্রীনগরের উদ্দেশ্যে রওনা হন। পরদিন ১৭ এপ্রিল রাত আনুমানিক সোয়া ১২টার দিকে ছনবাড়ী ফ্লাইওভার এলাকায় পৌঁছালে পূর্বপরিকল্পিতভাবে ইয়াছিন মোল্লা, সজীব মোল্লা (৪৫) ও আল হাসিব (২২) তাদের গতিরোধ করে।

আসামিরা মারধর করে এবং হত্যার হুমকি দিয়ে জোরপূর্বক মোটরসাইকেল, দুটি স্মার্টফোন, নগদ টাকা, হেলমেট, পাওয়ার ব্যাংক, ড্রাইভিং লাইসেন্সসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিনিয়ে নেয়।

ঘটনার পর পুলিশ সুপারের নির্দেশনায় শ্রীনগর থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে ইয়াছিন মোল্লা ও আল হাসিবকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে ছিনতাইকৃত মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

পলাতক অপর আসামি সজীব মোল্লাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

যাযাদি

Leave a Reply