মুন্সীগঞ্জে কাপড়ের দোকানে চুরি: তিনজন গ্রেপ্তার, মালামাল উদ্ধার

মুন্সীগঞ্জ সদরের বাংলাবাজার এলাকায় কাপড়ের দোকানে চুরির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চোরাই মালামালের একটি অংশও উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রুবেল মৃধা (৪০), রানা কাজী (৩২) এবং জামাল হোসেন। তাদের মধ্যে রুবেল ও রানা চুরির সঙ্গে সরাসরি জড়িত এবং জামাল চোরাই মালামালের ক্রেতা।

গত ১৯ ফেব্রুয়ারি রাত সাড়ে ৩টার দিকে মুন্সীগঞ্জ সদরের বাংলাবাজার এলাকায় বশীর আহম্মেদের কাপড়ের দোকানে চুরির ঘটনা ঘটে। দোকানের তালা কেটে ভেতরে প্রবেশ করে শাড়ি, লুঙ্গি ও থান কাপড়সহ প্রায় ৮ লাখ টাকার মালামাল নিয়ে যায় চোরেরা।

এ ঘটনায় ভুক্তভোগী বশীর আহম্মেদ ২৪ ফেব্রুয়ারি মুন্সীগঞ্জ থানা পুলিশ–এ মামলা দায়ের করেন। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় ২৯ ও ৩০ এপ্রিল ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোহাম্মদপুর এলাকা থেকে রুবেল মৃধা ও রানা কাজীকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চুরির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে জুড়াইন এলাকায় অভিযান চালিয়ে চোরাই মালামালের ক্রেতা জামাল হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে তার ভাড়া বাসা থেকে ৪৫টি লুঙ্গি, ১২টি থ্রি-পিস ও ৫টি শাড়ি উদ্ধার করে পুলিশ।

গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিডি-প্রতিদিন

Leave a Reply