মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় ধানের জমিতে সেচ দেওয়ার জন্য ব্যবহৃত তিনটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। এতে করে সেচ কার্যক্রম ব্যাহত হওয়ায় চরম বিপাকে পড়েছেন কৃষক ও সেচ পাম্প মালিকরা।
রবিবার সকালে উপজেলার বাঘরা ইউনিয়নের ‘হাপ মারা চক’ এলাকায় গিয়ে সেচ পাম্পের পরিচালক প্রথম চুরির বিষয়টি টের পান।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই বিলের প্রায় ১১০ একর জমিতে দুটি সেচ পাম্পের মাধ্যমে পানি সরবরাহ করা হতো। এ জমিতে প্রতি মৌসুমে গড়ে ৮ থেকে ১০ হাজার মণ ধান উৎপাদিত হয়।

সেচ স্কিম পরিচালনার দায়িত্বে থাকা আমির আলী জানান, প্রতিদিনের মতো সকালে প্রায় ৭টার দিকে তিনি পাম্পে এসে দেখেন, বিদ্যুৎ সরবরাহের জন্য ব্যবহৃত তিনটি ট্রান্সফরমার চুরি হয়ে গেছে। এতে তাৎক্ষণিকভাবে সেচ কার্যক্রম বন্ধ হয়ে গেছে।
শেখ মোজাফফরের মালিকানাধীন ওই দুটি সেচ পাম্প দিয়েই পুরো বিলে পানি সরবরাহ করা হতো। ট্রান্সফরমার চুরির ফলে উভয় পাম্পই বন্ধ হয়ে পড়েছে, ফলে জমিতে পানি দেওয়া সম্ভব হচ্ছে না।
এ বিষয়ে শ্রীনগর ভাগ্যকুল পল্লী বিদ্যুৎ সমিতির সাব-জোনাল অফিসের এজিএম মেহেদী হাসান বলেন, বিষয়টি এখনো কোনো গ্রাহক আনুষ্ঠানিকভাবে জানায়নি। জানানো হলে প্রথমে থানায় এফআইআর করতে হবে, এরপর আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।
স্থানীয় কৃষকরা দ্রুত ট্রান্সফরমার প্রতিস্থাপন ও চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। অন্যথায় চলতি মৌসুমে ধান উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
বিডি-প্রতিদিন

Leave a Reply